শামসুল হক ভূঁইয়া, গাজীপুর
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নবগঠিত গাজীপুর-৬ (সাবেক টঙ্গী পৌরসভা) আসনে বিএনপির মনোনয়নপ্রত্যাশী জেলা ও মহানগর যুবদলের সাবেক সভাপতি প্রভাষক বসির উদ্দিন বলেছেন, “আওয়ামী লীগ আমলে বিএনপির যারা ভালো ছিলো এখনো তারাই ভালো আছেন। দলের ভেতর থাকা এ ধরনের মুনাফেক ও সুবিধাবাদী নেতাদের বয়কট করতে হবে।”
তিনি অভিযোগ করে বলেন, এসব সুবিধাবাদীরা দলের স্বার্থে নয়, ব্যক্তিস্বার্থে রাজনীতি করছে। আওয়ামী লীগ নেতাদের সঙ্গে সুসম্পর্ক বজায় রেখে বিগত ফ্যাসিবাদ সরকারের সময় কারা সুবিধা নিয়েছে, তা জনগণ অবগত।
মঙ্গলবার সকালে টঙ্গীর আউচপাড়ায় নিজস্ব দলীয় কার্যালয়ে আয়োজিত নির্বাচনী প্রস্তুতি পর্যালোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এছাড়া সোমবার সন্ধ্যায় টঙ্গীর ৫২ নম্বর ওয়ার্ডের গুটিয়ায় বিএনপি ও যুবদলের পৃথক দুটি অফিস উদ্বোধন করেন প্রভাষক বসির উদ্দিন।
সভায় সভাপতিত্ব করেন টঙ্গী পশ্চিম থানা বিএনপির সাধারণ সম্পাদক আসাদুজ্জামান নূর। উপস্থিত ছিলেন ৫২ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি শামসুল আলম, ৫১ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি আব্দুস সাত্তার, বিএনপি নেতা ইদ্রিস শরীফ, আব্দুর রহমান, যুবদল নেতা সেলিম কাজল, শামীম বেপারি, বিএনপি নেতা মজনু মিয়াসহ অনেকে।
প্রভাষক বসির উদ্দিন আশাবাদ ব্যক্ত করে বলেন, শিক্ষাগত যোগ্যতা, দলীয় ও সামাজিক কর্মকাণ্ড বিবেচনায় তাকে প্রার্থী হিসেবে মনোনয়ন দেয়া হবে। তিনি আরো বলেন, “আমি এমপি হলে যখন যে অবস্থায় যেখানে ডাকবেন আমাকে সেখানে পাবেন।”

