নাজিম বকাউল, ফরিদপুর
কেন্দ্রীয় বিএনপি’র সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ বলেছেন, বিএনপি “সংখ্যালঘু” শব্দে বিশ্বাস করে না। আমরা সবাই বাংলাদেশী এবং এই দেশের সমান নাগরিক।
মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) সন্ধ্যা থেকে রাত পর্যন্ত ফরিদপুরের নগরকান্দা উপজেলার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শনকালে তিনি এ মন্তব্য করেন।
তিনি বলেন, “দুর্গাপূজার সুস্থ পরিবেশ বিনষ্ট করতে ফ্যাসিবাদীরা নানাভাবে অপচেষ্টা চালাতে পারে। তাই সবাইকে সজাগ থাকতে হবে। ফেসবুকে অপপ্রচার চালিয়ে পরিবেশ ঘোলা করার চেষ্টাও হতে পারে। ফেসবুকে কেউ কিছু পোস্ট করলেই তা বিশ্বাস করা যাবে না। এ ক্ষেত্রে সকলকে সংযত থাকতে হবে।”
শামা ওবায়েদ আরো জানান, বিএনপি নেতাকর্মীরা নিয়মিতভাবে পূজামণ্ডপ পাহারা দিচ্ছে যাতে কোনো ষড়যন্ত্রকারী অশান্তি সৃষ্টির সুযোগ না পায়।
পূজামণ্ডপ পরিদর্শনে তার সঙ্গে নগরকান্দা উপজেলা বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

