নাজিম বকাউল, ফরিদপুর
বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল এর কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি মাহবুবুল হাসান ভূঁইয়া পিংকু বলেছেন, ধর্মীয় উগ্রবাদী গোষ্ঠী বাংলাদেশের রাষ্ট্রীয় ক্ষমতা দখল করে অসাম্প্রদায়িক চেতনাকে ধ্বংস করার অপতৎপরতায় লিপ্ত রয়েছে। আগামী নির্বাচনে যাতে কোনো উগ্রবাদী গোষ্ঠী ক্ষমতায় আসতে না পারে সে জন্য সকলকে সতর্ক থাকতে হবে।
তিনি বলেন, “ধর্মনিরপেক্ষ বাংলাদেশ গড়তে এবং শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শ সমুন্নত রাখতে ব্যক্তি নয়, ধানের শীষ প্রতীকে ভোট দিতে হবে।”
মঙ্গলবার ফরিদপুর সদর উপজেলার বিভিন্ন ইউনিয়নের দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শন শেষে স্থানীয়দের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ আহ্বান জানান।
এ সময় জেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন, ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক শাহারিয়ার হোসেন জুয়েল, মাচ্চর ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি মোহাম্মদ জোয়াদ্দার, আঃ রাজ্জাক মিয়া, শহীদুল ইসলাম মেম্বারসহ স্থানীয় বিএনপি, যুবদল ও অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।
পরে রাতে তিনি শহরের আলীপুর এলাকার বান্ধবপল্লী মণ্ডপ পরিদর্শন করেন এবং সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন।

