মো.রাশিদুজ্জামান রাশেদ, কুষ্টিয়া
বাংলাদেশ এখন নির্বাচনের আমেজে ভাসছে। এ সময় যে কোনো দল নির্বাচনে বিভ্রান্তি বা বাধা সৃষ্টি করলে জনগণ তাদের রাজনৈতিকভাবে প্রত্যাখ্যান করবে বলে মন্তব্য করেছেন কুষ্টিয়া-২ (মিরপুর-ভেড়ামারা) আসনের তিনবারের সাবেক সংসদ সদস্য, জেলা বিএনপির সাবেক সভাপতি ও বিএনপি জাতীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব অধ্যাপক শহীদুল ইসলাম।
বুধবার (১ অক্টোবর) বিকেল ৩টায় মিরপুর ফুটবল মাঠে উপজেলা বিএনপি আয়োজিত ঐতিহাসিক জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
শহীদুল ইসলাম বলেন, “এ দেশের মানুষ ১৬ বছর ধরে তাদের অধিকার আদায়ে সংগ্রাম করে আসছে। সেই অধিকার ফিরিয়ে আনার একমাত্র পথ নির্বাচন। ১৬ বছর ধরে শেখ হাসিনা যেভাবে নির্মম ও ভয়ংকর শাসন চালিয়েছেন, তা দেশের মানুষ চূর্ণবিচূর্ণ করে দিয়েছে। তিনি একসময় জোর করে ক্ষমতায় এসে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানসহ সিনিয়র নেতাদের নিয়ে অবমাননাকর বক্তব্য দিয়েছিলেন। আজ তিনি যেখানে (ভারতে) আছেন, কৃতদাসের মতো—এটাই সময়ের প্রতিশোধ এবং তার আসল পরিণতি।”
অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, “দেশে শান্তি ও সম্প্রীতি বজায় রাখতে হলে সকল সম্প্রদায়ের নিরাপত্তা ও অধিকার নিশ্চিত করতে হবে। রাষ্ট্রীয় সুরক্ষা ব্যবস্থাকে আরও শক্তিশালী করতে হবে, যাতে কোনো ধরনের উস্কানি বা হামলা সফল না হয়।”
সমাবেশে প্রধান বক্তার বক্তব্য রাখেন ভেড়ামারা উপজেলা বিএনপির আহ্বায়ক তৌহিদুল ইসলাম আলম।
সভাপতিত্ব করেন মিরপুর উপজেলা বিএনপির সভাপতি আশরাফুজ্জামান শাহীন এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক খন্দকার টিপু সুলতান।
এছাড়া বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি খন্দকার ওমর ফারুক কুদ্দুস, পৌর বিএনপির সভাপতি আব্দুর রশীদ, ভেড়ামারা পৌর বিএনপির সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবু দাউদ, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক এনামুল হক বাবু, পৌর বিএনপির সাবেক সদস্য সচিব আজাদুর রহমান (আজাদ) বিশ্বাস, উপজেলা বিএনপির দপ্তর সম্পাদক মারফত আফ্রিদী, প্রচার সম্পাদক বিল্লাল হোসেন, সাংগঠনিক সম্পাদক-২ নুর এ আল আমীন বুলবুল, উপজেলা যুবদলের আহ্বায়ক সুলতান আলী, পৌর যুবদলের আহ্বায়ক সংগ্রাম খান জিল্লু, পৌর বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য নাসিরুজ্জামান রানা, উপজেলা কৃষকদলের আহ্বায়ক খাইরুজ্জামান খাইরুল প্রমুখ।

