নিজস্ব সংবাদদাতা, কচুয়া (বাগেরহাট)
“হাত ধোওয়ার নায়ক হোন” — এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে সারাদেশের মতো বাগেরহাটের কচুয়াতেও যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে বিশ্ব হাত ধোয়া দিবস-২০২৫। এ উপলক্ষে বুধবার (১৫ অক্টোবর) সকালে কচুয়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে র্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়।
উপজেলা প্রশাসন ও জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের আয়োজনে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন জনস্বাস্থ্য অধিদপ্তরের উপসহকারী প্রকৌশলী মোঃ রায়হান হোসেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আলী হাসান।
এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মির্জা মিজানুল আলম, সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার সতীশ চন্দ্র মণ্ডল, একাডেমিক সুপারভাইজার মেহেদি মান্না, কচুয়া সরকারি মডেল প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক দেবদাস সাহা, বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, শিক্ষক ও শিক্ষার্থীরা।
আলোচনা সভায় বক্তারা বলেন, নিয়মিত ও সঠিকভাবে হাত ধোয়ার অভ্যাস গড়ে তুললে নানা সংক্রামক রোগ থেকে নিজেকে এবং সমাজকে সুরক্ষিত রাখা সম্ভব। তারা শিক্ষার্থীদের মধ্যে স্বাস্থ্যবিধি মেনে চলার বিষয়ে সচেতনতা বৃদ্ধির আহ্বান জানান।
অনুষ্ঠান শেষে শিক্ষার্থীদের অংশগ্রহণে প্রদর্শিত হয় হাত ধোয়ার প্রায়োগিক প্রদর্শনী।

