মনিরামপুর (যশোর) প্রতিনিধি
যশোরের মনিরামপুর উপজেলার কুলটিয়া ইউনিয়নে ভবদহের জলাবদ্ধ মানুষের পাশে দাঁড়িয়েছে দুটি স্বেচ্ছাসেবী সংগঠন। ঢাকার এইচএমবিডি ফাউন্ডেশন বাংলাদেশ ও প্রাইড যশোরের যৌথ উদ্যোগে বুধবার ইউনিয়নের মহিষদিয়া, কুলটিয়া, মশিয়াহাটী, সুজাতপুর, হাটগাছা ও বাজেকুলটিয়া গ্রামের দুঃস্থ ও ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে খাদ্য ও চিকিৎসা সামগ্রী বিতরণ করা হয়।
সহায়তা বিতরণ শেষে সংগঠনের কর্মকর্তারা ভবদহ অঞ্চলের জলাবদ্ধ এলাকা পরিদর্শন করেন। এ সময় উপস্থিত ছিলেন এইচএমবিডি ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক ডাঃ যুবারা মাহাদী, প্রাইড যশোরের নির্বাহী পরিচালক উজ্জ্বল কুমার বালা, অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক সুকৃতি মণ্ডল এবং শিক্ষক ও সাংবাদিক উৎপল বিশ্বাস প্রমুখ।
প্রাইড যশোরের নির্বাহী পরিচালক উজ্জ্বল কুমার বালা বলেন, “আমরা আজ সীমিত পরিসরে মানবিক সহায়তা প্রদান করেছি। এলাকা পরিদর্শনের পর ভবিষ্যতে আরও বৃহৎ পরিসরে সহায়তা কার্যক্রম চালু করার পরিকল্পনা রয়েছে।”
স্থানীয়রা এই মানবিক উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, দীর্ঘদিন ধরে জলাবদ্ধতার কারণে এই এলাকার মানুষ ভোগান্তিতে রয়েছে। এমন উদ্যোগে তাদের কষ্ট কিছুটা লাঘব হবে বলে আশা প্রকাশ করেন তারা।

