শফিকুল ইসলাম সাফা, চিতলমারী
চিতলমারীতে বেসরকারি এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের তিন দফা দাবি বাস্তবায়ন ও ঢাকায় আন্দোলনরত শিক্ষকদের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।
শিক্ষকদের মূল বেতনের ওপর ২০ শতাংশ বাড়িভাড়া, ১,৫০০ টাকা চিকিৎসা ভাতা এবং কর্মচারীদের উৎসব ভাতা ৭৫ শতাংশে উন্নীত করার দাবিতে এ কর্মসূচি পালন করা হয়।
বুধবার (১৫ অক্টোবর) সকাল ১১টার দিকে উপজেলা পরিষদের সামনে ঘণ্টাব্যাপী মানববন্ধন শেষে এমপিওভুক্ত স্কুল, কলেজ, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীরা একটি বিক্ষোভ মিছিল করেন।
বিক্ষোভ শেষে উপজেলা মাদ্রাসা জেনারেল শিক্ষক সমিতির সভাপতি শোয়ায়েব হোসেন গাজীর সঞ্চালনায় অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন—কালিদাস বড়াল স্মৃতি ডিগ্রি কলেজের অধ্যক্ষ স্বপন রায়, শেরে বাংলা ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মিজানুর রহমান কাজী, আলিয়া মাদ্রাসার সুপার ইদ্রিসুর রহমান প্রমুখ।
এসময় শিক্ষকদের দাবির সঙ্গে সংহতি প্রকাশ করে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শরিফুল হাসান অপু, উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান ও বিএনপি নেত্রী রুনা গাজী, উপজেলা জামায়াতে ইসলামী আমির মাওলানা গাজী মনিরুজ্জামান, সেক্রেটারি জাহিদুজ্জামান নান্না, বাংলাদেশ ইসলামী আন্দোলনের উপজেলা সভাপতি ডা. আবুল কালাম কাজী, গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক বিপুল কাজীসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ।

