Nabadhara
ঢাকাবৃহস্পতিবার , ১৬ অক্টোবর ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

জয়পুরহাটে ডিলারের গুদাম থেকে সুবিধাভোগীদের চাল বিক্রি

মো.মোকাররম হোসাইন, জয়পুরহাট 
অক্টোবর ১৬, ২০২৫ ৬:০৯ অপরাহ্ণ
Link Copied!

মো.মোকাররম হোসাইন, জয়পুরহাট 

জয়পুরহাটের কালাইয়ে খাদ্যবান্ধব কর্মসূচির ৬৬৭ বস্তা চাল বিক্রির অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার (১৬ অক্টোবর) সকালে আহম্মেদাবাদ ইউনিয়নের ঝামুটপুর এলাকায় ডিলারের গুদাম থেকে চাল বিক্রির সময় উত্তেজিত জনতা চালগুলো আটক করে এবং পরে উপজেলা প্রশাসন ঘটনাস্থলে গিয়ে তিনজনকে জরিমানা করে।

 

স্থানীয় সূত্রে জানা গেছে, আহম্মেদাবাদ ইউনিয়নের ঝামুটপুর চান্দাইর দাখিল মাদ্রাসার পাশে ডিলার আশরাফ আলীর গুদামে সুবিধাভোগীদের চাল মজুত ছিল। সকাল ১০টার দিকে ওই চাল ভ্যানযোগে মাত্রাই বাজারে নিয়ে যাওয়ার সময় স্থানীয়রা বিষয়টি টের পেয়ে চালগুলো আটক করে উপজেলা নির্বাহী অফিসারকে খবর দেন। খবর পেয়ে উপজেলা খাদ্য পরিদর্শক মাহমুদুন নবী ঘটনাস্থলে পৌঁছে ডিলার আশরাফ আলী, চাল ব্যবসায়ী আলী আহম্মেদ ও সোহরাব আলীকে আটক করেন এবং ২০ মেট্রিকটন চাল জব্দ করেন।

 

পরে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শামীমা আক্তার জাহান ভ্রাম্যমান আদালত পরিচালনা করে ডিলার আশরাফ আলীকে ১০ হাজার, ব্যবসায়ী সোহরাব আলীকে ১৫ হাজার এবং আলী আহম্মেদকে ৫০ হাজার টাকা জরিমানা করেন। জব্দকৃত চালগুলো উপজেলার বিভিন্ন এতিমখানায় বিতরণ করা হয়।

 

প্রত্যক্ষদর্শীরা জানান, বুধবার সুবিধাভোগীদের মধ্যে চাল বিতরণের কথা থাকলেও ডিলার আশরাফ আলী তাদের ৩০ কেজি চালের পরিবর্তে ৯০০ থেকে ৯৫০ টাকা করে দেন। পরে সেই চালগুলো ব্যবসায়ীদের কাছে বিক্রি করার চেষ্টা করেন।

 

সুবিধাভোগী ছফির উদ্দিন ও আব্দুল হান্নান বলেন, “ডিলার আমাদের চাল দেননি, বরং চালের জায়গায় টাকা দিয়েছেন। পরে আমরা সেই টাকা দিয়ে বাজার থেকে উচ্চমূল্যে চাল কিনেছি।”

 

বোড়াই গ্রামের মর্জিনা খাতুন বলেন, “চালের বদলে টাকা নিয়ে আবার বাজার থেকে ৫৮ টাকা কেজি দরে চাল কিনতে হয়েছে। গরিবের হক মেরে খাওয়া হচ্ছে, এর বিচার হওয়া উচিত।”

 

আহম্মেদাবাদ ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আব্দুল বাসেদ বলেন, “চাল বিতরণের বিষয়ে ডিলার আমাকে কিছুই জানায়নি। চালের গুদাম থেকে অন্য বাজারে নেওয়ার কোনো যৌক্তিকতা নেই।”

 

ডিলার আশরাফ আলী অভিযোগ অস্বীকার করে বলেন, “চালগুলো বিতরণের পর ক্রয় করা হয়েছে। তারপরও আমাদের জরিমানা করা হয়েছে।”

 

উপজেলা নির্বাহী অফিসার শামীমা আক্তার জাহান বলেন, “সরকারি চাল ক্রয়-বিক্রয় আইনত দণ্ডনীয় অপরাধ। খাদ্যদ্রব্য উৎপাদন, মজুত, স্থানান্তর, সংরক্ষণ, পরিবহন ও বিপণন আইন ২০২৩ (৬) ধারা অনুযায়ী ব্যবস্থা নেওয়া হয়েছে।”

 

তিনি আরও জানান, “জব্দকৃত ২০ মেট্রিকটন চাল উপজেলা এলাকার বিভিন্ন এতিমখানায় বিতরণ করা হয়েছে।”

 

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।