যশোর প্রতিনিধি
এইচএসসি পরীক্ষার ফলাফলে যশোর জেলার শীর্ষে রয়েছে সরকারি এম এম কলেজ। জেলার অন্যান্য কলেজের তুলনায় প্রতিষ্ঠানটি সবচেয়ে বেশি জিপিএ-৫ এবং সর্বোচ্চ পাসের হার অর্জন করেছে।
যশোর শিক্ষা বোর্ডের অধীনে গড় পাসের হার ৫০.২০ শতাংশ হলেও এম এম কলেজে পাসের হার ৯৮.৫০ শতাংশ। প্রতিষ্ঠানটির ৭৩৫ জন পরীক্ষার্থীর মধ্যে ৭২৪ জন পাস করেছে এবং ৩৯৯ জন শিক্ষার্থী জিপিএ-৫ অর্জন করেছে।
সরকারি এম এম কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ প্রফেসর এস. এম. শফিকুল ইসলাম বলেন, “আমাদের শিক্ষার্থীরা নিয়মিত ক্লাস, পরীক্ষার প্রস্তুতি ও শিক্ষকদের নিবিড় তত্ত্বাবধানে ভালো ফলাফল অর্জন করেছে। ৯৮.৫০ শতাংশ পাস এবং ৩৯৯ জনের জিপিএ-৫ পাওয়া আমাদের জন্য গর্বের।”
জেলার অন্যান্য কলেজের ফলাফল তুলনামূলকভাবে নিম্ন ছিল। সরকারি সিটি কলেজে ৬২৪ জন পরীক্ষার্থীর মধ্যে পাস করেছে ৫৪২ জন (পাসের হার ৮৭%) এবং জিপিএ-৫ পেয়েছে ৮১ জন।
সরকারি মহিলা কলেজে পরীক্ষার্থী ছিল ৬৪৭ জন, পাস করেছে ৬০৩ জন (৯৪.২০%), জিপিএ-৫ পেয়েছে ১০৬ জন।
যশোর শিক্ষাবোর্ড স্কুল অ্যান্ড কলেজে পরীক্ষার্থী ছিল ২৮৮ জন, পাস করেছে ২৬৪ জন (৯২%), জিপিএ-৫ পেয়েছে ৩৫ জন।
উপশহর মহিলা কলেজে ৩২০ জনের মধ্যে পাস করেছে ১৮৬ জন (৬৯%), জিপিএ-৫ পেয়েছে ২ জন এবং এ গ্রেড পেয়েছে ১০২ জন।
হামিদপুর আলহেরা ডিগ্রি কলেজে ৩৯১ জনের মধ্যে পাস করেছে ২৬২ জন (৬৭%), জিপিএ-৫ পেয়েছে ৬ জন।
নতুনহাট পাবলিক কলেজে ৩৬২ জনের মধ্যে ২৮৬ জন পাস করেছে (৭৫%), জিপিএ-৫ পেয়েছে ২৫ জন।
সমগ্র যশোর জেলায় সরকারি এম এম কলেজের এ সাফল্য শিক্ষার্থী, অভিভাবক ও শিক্ষকদের মধ্যে ব্যাপক আনন্দের সঞ্চার করেছে।

