এম এ ফয়সাল, তালা (সাতক্ষীরা) প্রতিনিধি
সাতক্ষীরার তালায় বাংলাদেশ কৃষি ব্যাংক তালা শাখার উদ্যোগে ঈদুল আজহা উপলক্ষে রেমিট্যান্স উৎসব ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৬ অক্টোবর) সকালে তালা শিল্পকলা একাডেমীর হলরুমে অনুষ্ঠানটি পরিচালিত হয়। বাংলাদেশ কৃষি ব্যাংক তালা শাখা ব্যবস্থাপক মোঃ সিরাজুল ইসলাম ফকিরের সভাপতিত্বে এবং শাখার কর্মকর্তা মোঃ আব্দুল করিমের সঞ্চালনায় অনুষ্ঠানটি সম্পন্ন হয়।
প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ কৃষি ব্যাংক খুলনা বিভাগীয় মহাব্যবস্থাপক মোঃ আবু হাসেম মিয়া। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা আঞ্চলিক কার্যালয়ের মুখ্য আঞ্চলিক ব্যবস্থাপক এস এম এ কাইয়ুম। এছাড়া সাতক্ষীরা ও খুলনা অঞ্চলের বিভিন্ন ব্যাংক কর্মকর্তা, স্থানীয় সাংবাদিক ও প্রেসক্লাবের নেতৃবৃন্দও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে মোঃ আবু হাসেম মিয়া বলেন, “কৃষি ব্যাংক সমষ্টিগতভাবে এগিয়ে যাচ্ছে। ব্যাংকের ৮০ ভাগ তহবিল সরাসরি কৃষকের মাঝে বিতরণ করা হয়, যার ফলে টাকা লুটপাট বা পাচার হয়নি। সকল কর্মকর্তা সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করবে।”
অনুষ্ঠানে লটারির মাধ্যমে নির্বাচিত শ্রেষ্ঠ রেমিট্যান্স গ্রহীতা খৃষ্টান ধর্মযাজক চন্দন বারিকদারের স্ত্রী মুক্তা মন্ডলকে পুরস্কৃত করা হয়।

