নওগাঁ প্রতিনিধি
নওগাঁ সদর উপজেলার ফতেপুর এলাকায় একটি মাদরাসা থেকে আব্দুর রহিম বাদশা (১১) নামে এক মাদরাসা ছাত্রের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার সকালে রওদাতুল কোরআন আক্কাস আলী হাফেজিয়া কওমি মাদরাসা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
নিহত আব্দুর রহিম বাদশা নওগাঁ সদর উপজেলার কানমটকাই গ্রামের সামছুর রহমানের ছেলে। তিনি ওই মাদরাসার হেফজ বিভাগের ছাত্র ছিলেন।
এ ঘটনায় প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য মাদরাসার শিক্ষক আব্দুল মাজেদকে আটক করেছে পুলিশ।
শিক্ষক আব্দুল মাজেদ জানান, “রাত আনুমানিক পৌনে ৪টার দিকে তাহাজ্জুদ নামাজের জন্য ঘুম থেকে উঠে দেখি মাদরাসার মাঠে বারান্দার নিচে আব্দুর রহিম অচেতন অবস্থায় পড়ে আছে। পরে তাকে কক্ষে নিয়ে আসা হয় এবং মাদরাসা কমিটির সদস্যদের খবর দেওয়া হয়। দীর্ঘ সময় ডাকাডাকি করলেও কোনো সাড়া মেলেনি। এরপর থানা পুলিশে খবর দিলে তারা এসে মরদেহ উদ্ধার করে।”
নওগাঁ সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) নুরে আলম সিদ্দিকী বলেন, “প্রাথমিকভাবে মৃত্যুর কারণ জানা যায়নি। মরদেহটি ময়নাতদন্তের জন্য নওগাঁ সদর হাসপাতালে পাঠানো হয়েছে। প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।”

