মোল্লাহাট (বাগেরহাট) প্রতিনিধি
বাগেরহাটের মোল্লাহাটে উপজেলা জামায়াতে ইসলামী যুব বিভাগের উদ্যোগে যুব সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৫ অক্টোবর) বিকাল ৪টায় উপজেলার চরকুলিয়া মুক্তিযোদ্ধা চত্বরে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাগেরহাট-১ আসনের জামায়াতের সংসদ সদস্য পদপ্রার্থী, বাগেরহাট জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য এবং যুব ও ক্রীড়া বিভাগের সভাপতি শেখ মঞ্জুরুল হক রাহাদ।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, “যুবকদের মধ্যে দেশপ্রেম, ইসলামী মূল্যবোধ ও নৈতিক নেতৃত্ব গড়ে তোলা অত্যন্ত জরুরি। আল্লাহর আইন চাই, সৎ লোকের শাসন চাই, দুর্নীতি ও মাদকমুক্ত বাংলাদেশ গঠনে জামায়াতের কোনো বিকল্প নেই।”
সমাবেশে জামায়াতের যুব বিভাগের সেক্রেটারি মিয়া পারভেজ আলম বলেন, “একটি কুচক্রী মহল জামায়াতের বিরুদ্ধে মিথ্যা অপপ্রচার চালাচ্ছে। জামায়াতকে মিথ্যা অপবাদ দেওয়া থেকে বিরত থাকুন, নাহলে পরিণতি ভালো হবে না।”
উপজেলা যুব বিভাগের সভাপতি হাফেজ নাজমুল হাসানের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে আরও উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতের আমির মোঃ হাসমত আলী সরদার, নায়েবে আমির আব্দুস সবুর, কুলিয়া ইউনিয়ন জামায়াতের সভাপতি শিকদার মনিরুজ্জামান, উপজেলা শিবিরের সভাপতি হাফেজ প্রমুখ।

