শেরপুর (বগুড়া) প্রতিনিধি
বগুড়ার শেরপুরে রান্নার সময় আগুনে দগ্ধ হয়ে মাদ্রাসা শিক্ষার্থী নাবিলা (১১) মারা গেছে। রবিবার (২ নভেম্বর) রাতে রাজধানীর জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
নিহত নাবিলা শেরপুর উপজেলার গাড়িদহ ইউনিয়নের শিবপুর মধ্যপাড়া গ্রামের আবুল কালাম মুকুলের মেয়ে এবং স্থানীয় শিবপুর রশিদিয়া দাখিল মাদ্রাসার এবতেদায়ী পঞ্চম শ্রেণির শিক্ষার্থী।
স্থানীয় সূত্রে জানা যায়, গত ২৯ অক্টোবর দুপুরে নাবিলার মা অসুস্থ হয়ে চিকিৎসার জন্য শেরপুরে গেলে মাদ্রাসা শেষে বাড়িতে ফিরে ছোট্ট নাবিলা নিজেই চুলায় খাবার রান্না শুরু করে। এক পর্যায়ে তার পোশাকে আগুন লেগে যায়। নাবিলার চিৎকারে প্রতিবেশীরা ছুটে এসে তাকে উদ্ধার করে শেরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।
সেখান থেকে অবস্থার অবনতি হলে তাকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। পরে চিকিৎসকরা উন্নত চিকিৎসার জন্য ঢাকার জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে পাঠান, যেখানে রবিবার রাতে তার মৃত্যু হয়।

