যশোর প্রতিনিধি
যশোরে বাংলা নববর্ষ উপলক্ষে ভিন্নধর্মী আয়োজন নিয়ে জনসমক্ষে হাজির হয়েছে জামায়াত সমর্থিত বিভিন্ন সংগঠন ও তাদের সাংস্কৃতিক কর্মীরা। মঙ্গলবার (১৪ এপ্রিল) সকালে শহরের কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে অনুষ্ঠিত এ আয়োজনে ‘ইসলামি ধারার’ সংস্কৃতি চর্চাকে প্রাধান্য দিতে দেখা যায়।
‘নববর্ষের নব স্বপ্নে নব উদ্যমে জাগো’ স্লোগানে যশোর সাংস্কৃতিক কেন্দ্রের উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে জেলার ১৩টি ইসলামি ধারার সাংস্কৃতিক সংগঠন অংশগ্রহণ করে।
সকাল থেকেই জেলার বিভিন্ন এলাকা থেকে নতুন পোশাক পরে মাদরাসার শিক্ষার্থীসহ নানা শ্রেণি-পেশার মানুষ ঈদগাহ প্রাঙ্গণে জড়ো হন। উন্মুক্ত মঞ্চে কবিতা আবৃত্তি, দেশাত্মবোধক গান, লোকগীতি এবং সচেতনতামূলক নাটক পরিবেশিত হয়।
অনুষ্ঠানে উপস্থিত কনটেন্ট ক্রিয়েটার ও ওয়াজি কবির বিন সামাদ বলেন, “পহেলা বৈশাখ মানেই নির্দিষ্ট কিছু আয়োজনের মধ্যে সীমাবদ্ধ নয়। আমরা বাঙালি—এটা আমাদেরও উৎসব। স্রষ্টার সন্তুষ্টি বজায় রেখেও উৎসব করা সম্ভব, আজকের আয়োজন তারই উদাহরণ।”
তিনি আরও বলেন, ‘অপসংস্কৃতি’ পরিহার করে ‘সুস্থ সংস্কৃতি’ চর্চার মাধ্যমে সমাজে ইতিবাচক পরিবর্তন আনা সম্ভব।
ইসলামি সংগীত শিল্পী রোকনুজ্জামান বলেন, “আমরা আমাদের পরিবেশনায় বাংলার চিরায়ত ঐতিহ্য—কৃষক, জেলে, মাঝিমাল্লাদের জীবনচিত্র তুলে ধরেছি। আগামী প্রজন্মকে দেশপ্রেমে উদ্বুদ্ধ করাই আমাদের লক্ষ্য।”
অনুষ্ঠানে মিষ্টিমুখ, ‘যেমন খুশি তেমন সাজো’, রম্য নাটক এবং আঞ্চলিক গানসহ ভাওয়াইয়া ও ভাটিয়ালি সংগীত পরিবেশন দর্শকদের আকৃষ্ট করে।
যশোর সাংস্কৃতিক কেন্দ্রের সদস্য সচিব আবুল হাশিম রেজা বলেন, “ব্যতিক্রমী এ আয়োজনের মাধ্যমে আমরা শেকড়ের সংস্কৃতি তুলে ধরতে চাই। ধর্ম-বর্ণ নির্বিশেষে সুস্থ সংস্কৃতি চর্চার মধ্য দিয়েই জাতীয় আত্মপরিচয় ও আত্মবিশ্বাস গড়ে উঠবে।”

