তালা (সাতক্ষীরা) প্রতিনিধি
সাতক্ষীরার তালা উপজেলায় প্রতিবন্ধী ভাতা প্রদানের লক্ষ্যে নতুন আবেদনকারীদের যাচাই-বাছাই কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৫ এপ্রিল) সকালে তালা সদর ইউনিয়ন পরিষদে এ যাচাই-বাছাই কার্যক্রম অনুষ্ঠিত হয়।
এ সময় তালা সদর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান শেখ আব্দুর রাজ্জাকের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) রাহাত খান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা আরিফুজ্জামান।
উপজেলা সমাজসেবা অফিসের তৌফিক ইমরানের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবক এম. এম. মারুফ উল ইসলাম, স্বেচ্ছাসেবী সংগঠন ছায়াবীথির সভাপতি সাঈদুর রহমান সাঈদ, সংসদ সদস্যের প্রতিনিধি তোয়াহিরা, আলমগীরসহ অন্যান্যরা।
উল্লেখ্য, চলতি বছরে তালা উপজেলায় প্রতিবন্ধী ভাতার আওতায় অন্তর্ভুক্তির জন্য ৬৮৬ জন ব্যক্তি আবেদন করেছেন। যাচাই-বাছাই প্রক্রিয়ার অংশ হিসেবে আবেদনকারীদের প্রতিবন্ধিতার ধরন ও মাত্রা নির্ধারণ করা হয়। এছাড়া নির্দিষ্ট ক্ষেত্রে আর্থ-সামাজিক অবস্থা, বয়স, লিঙ্গ ও ভূমিহীনতার মতো বিষয়গুলোও বিবেচনায় নেওয়া হয়।

