ওমর ফারুক, আত্রাই (নওগাঁ) প্রতিনিধি
নওগাঁর আত্রাই উপজেলায় ৩৩ হাজার ভোল্টের উচ্চক্ষমতাসম্পন্ন বিদ্যুৎ লাইনের সংস্পর্শে মো. শহিদ মল্লিক (৪৪) নামে এক ব্যক্তির মর্মান্তিক মৃত্যু হয়েছে।
নিহত শহিদ মল্লিক উপজেলার মির্জাপুর হাতিয়াপাড়া গ্রামের মো. খয়ের মল্লিকের ছেলে। তিনি দৈনিক ভোরের কাগজ পত্রিকার আত্রাই প্রতিনিধি ও আত্রাই থানা প্রেসক্লাবের কার্যনির্বাহী সদস্য সাংবাদিক আব্দুল মজিদ মল্লিকের ছোট ভাই।
স্থানীয় ও পরিবার সূত্রে জানা যায়, সোমবার (২০ এপ্রিল) বেলা অনুমান ২ ঘটিকায় উপজেলার ভবানীপুর এলাকায় অসাবধানতাবশত একটি উচ্চক্ষমতাসম্পন্ন বিদ্যুৎ লাইনের সংস্পর্শে আসেন শহিদ মল্লিক।
মুহূর্তের মধ্যেই তিনি বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জ্ঞান হারিয়ে ফেললে তাৎক্ষণিকভাবে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
তার এই আকস্মিক ও অকাল মৃত্যুতে পরিবারসহ এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে। মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই ছেলে ও এক মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
শোকার্ত হৃদয়ে সাংবাদিক আব্দুল মজিদ মল্লিক বলেন, আমার ছোট ভাই এভাবে আমাদের ছেড়ে চলে যাবে তা কখনো কল্পনাও করিনি। তার এই অকাল মৃত্যুতে আমাদের পরিবারের যে ক্ষতি হলো তা পূরণ হওয়ার নয়। আমি সবার কাছে আমার ভাইয়ের বিদেহী আত্মার মাগফিরাতের জন্য দোয়া প্রার্থনা করছি।
এ বিষয়ে আত্রাই থানা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ওমর ফারুক বলেন, সাংবাদিক আব্দুল মজিদ মল্লিক আমাদের অত্যন্ত প্রিয় সহকর্মী। তার ছোট ভাইয়ের এমন মর্মান্তিক মৃত্যুতে আত্রাই থানা প্রেসক্লাবের সকল সদস্য গভীরভাবে শোকাহত। আমরা মরহুমের আত্মার মাগফিরাত কামনা করছি এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি।
খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছেন আত্রাই থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আব্দুল করিম। তিনি জানান, ঘটনাটি অত্যন্ত দুঃখজনক। খবর পাওয়ার পরপরই আমরা ঘটনাস্থলে গিয়েছি। এ বিষয়ে থানায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা দায়ের করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

