Nabadhara
ঢাকামঙ্গলবার , ৫ মে ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

চাঁদপুর-কুমিল্লা আঞ্চলিক মহাসড়কে বাস চলাচল বন্ধ, চরম ভোগান্তিতে যাত্রীরা

কচুয়া (চাঁদপুর) প্রতিনিধি
মে ৫, ২০২৬ ৪:৫৪ অপরাহ্ণ
Link Copied!

কচুয়া (চাঁদপুর) প্রতিনিধি

চাঁদপুর-কুমিল্লা আঞ্চলিক মহাসড়কে বাস চলাচল বন্ধ থাকায় চরম ভোগান্তিতে পড়েছেন যাত্রী ও পথচারীরা। সুরমা পরিবহন ও আল-আরাফাহ এক্সপ্রেস বাসের শ্রমিকদের দ্বন্দ্বের জেরে সোমবার (৫ মে) সকাল থেকে কয়েক ঘণ্টা এ পরিস্থিতির সৃষ্টি হয়।

জানা যায়, সকালে মহাসড়কের জগতপুর এলাকায় সুরমা পরিবহনের শ্রমিকরা আল-আরাফাহ এক্সপ্রেস বাস চলাচল বন্ধ করে দেয়। পরে দুপুর ২টার দিকে পাল্টা প্রতিক্রিয়ায় আল-আরাফাহ পরিবহনের শ্রমিকরা কালিয়াপাড়া এলাকায় অন্যান্য বাস চলাচল বন্ধ করে দেয়। এতে প্রায় তিন ঘণ্টা মহাসড়কে যান চলাচল বন্ধ থাকে এবং তীব্র যানজটের সৃষ্টি হয়।

স্থানীয় সূত্রে জানা গেছে, হাজীগঞ্জ-কচুয়া-গৌরীপুর সড়কে আল-আরাফাহ এক্সপ্রেস বাসের পারমিট না থাকায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তা বন্ধ করে দেয়। এর জের ধরে দুই পরিবহনের শ্রমিকদের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। অভিযোগ রয়েছে, সুরমা পরিবহনের হাজীগঞ্জ কাউন্টারে ৫০টিরও বেশি বাস আটকে রাখে আল-আরাফাহ পরিবহনের শ্রমিকরা।

ভুক্তভোগী যাত্রীরা জানান, হঠাৎ বাস চলাচল বন্ধ হয়ে যাওয়ায় তারা বিপাকে পড়েছেন। অনেকেই বাধ্য হয়ে অতিরিক্ত ভাড়া দিয়ে বিকল্প যানবাহনে গন্তব্যে যাচ্ছেন। কেউ কেউ ৪০০ থেকে ৬০০ টাকা পর্যন্ত ভাড়া গুনে ঢাকায় যেতে বাধ্য হয়েছেন।

অন্যদিকে পদ্মা পরিবহনের যাত্রীরা অভিযোগ করেন, মহাসড়কে কোনো সমস্যা না থাকলেও পরিবহন দ্বন্দ্বের কারণে অযথা বাস বন্ধ রাখা হয়েছে। এতে তারা দীর্ঘ সময় ধরে সড়কে আটকা পড়ে আছেন।

সুরমা পরিবহনের শ্রমিকরা দাবি করেন, আল-আরাফাহ এক্সপ্রেসের ওই সড়কে বৈধ পারমিট নেই। উল্টো তাদের শ্রমিকদের ওপর হামলা, নির্যাতন ও অর্থ লুটের অভিযোগও তোলেন তারা।

অন্যদিকে আল-আরাফাহ এক্সপ্রেসের চালক ও শ্রমিকরা বলেন, তারা দীর্ঘদিন ধরে ওই সড়কে বাস চালাচ্ছেন। হঠাৎ সুরমা পরিবহনের পক্ষ থেকে বাস চলাচল বন্ধ করে দেওয়ায় এই পরিস্থিতির সৃষ্টি হয়েছে। তারা দ্রুত বিষয়টি সমাধানের জন্য মালিকপক্ষের হস্তক্ষেপ কামনা করেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।