কচুয়া (চাঁদপুর) প্রতিনিধি
চাঁদপুরের কচুয়ায় ৪৭০ পিস ইয়াবাসহ পারুল বেগম নামে এক নারীকে গ্রেপ্তার করেছে থানা-পুলিশ। এ ঘটনায় তাঁর দেবর ফরহাদ হোসেন ও ফরহাদের স্ত্রী রিমা বেগমের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে। পুলিশের উপস্থিতি টের পেয়ে তাঁরা পালিয়ে যান।
রোববার (১১ অক্টোবর) দিবাগত রাত আড়াইটার দিকে উপজেলার কচুয়া উত্তর ইউনিয়নের নোয়াদ্দা মজুমদার বাড়িতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে পারুল বেগমকে গ্রেপ্তার করা হয়। কচুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আজিজুল ইসলামের নির্দেশনায় এসআই নাজমুল হোসেন সঙ্গীয় ফোর্স নিয়ে এ অভিযান পরিচালনা করেন।
থানা-পুলিশ সূত্রে জানা যায়, অভিযানে প্রবাসী সোহাগ হোসেনের স্ত্রী পারুল বেগমের ঘর থেকে ২০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। পরে তাঁর দেওয়া তথ্য অনুযায়ী পাশের ঘরে তাঁর দেবর ফরহাদ হোসেনের ওয়ারড্রব থেকে আরও ২৭০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে ফরহাদ ও তাঁর স্ত্রী রিমা বেগম পালিয়ে যান।
এ ঘটনায় পারুল বেগম, ফরহাদ হোসেন ও রিমা বেগমের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।
কচুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আজিজুল ইসলাম জানান, গ্রেপ্তার পারুল বেগমকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় চাঁদপুরের বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে। মাদকের বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

