মান্দা (নওগাঁ) প্রতিনিধি
নওগাঁর মান্দা উপজেলায় মাদকবিরোধী অভিযানে ৬০ পিস টাপেন্টাডল ট্যাবলেটসহ এক নারী মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ।
মঙ্গলবার দিবাগত রাত দেড়টার দিকে উপজেলার বিষ্ণুপুর ইউনিয়নের হুলিবাড়ি গ্রামে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত নারী আঁখি বেগম (৩০) ওই গ্রামের বাসিন্দা এবং আনারুল ইসলামের স্ত্রী। অভিযোগ রয়েছে, তিনি দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সঙ্গে জড়িত।
পুলিশ সূত্রে জানা গেছে, মান্দা থানার উপপরিদর্শক (এসআই) সুজন খান সঙ্গীয় ফোর্সসহ গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করেন। এ সময় আঁখি বেগমকে গ্রেপ্তার করা হয় এবং তার কাছ থেকে ৬০ পিস টাপেন্টাডল ট্যাবলেট জব্দ করা হয়।
মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খোরশেদ আলম বলেন, এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। গ্রেপ্তারকৃত আসামিকে মঙ্গলবার সকালে আদালতের মাধ্যমে নওগাঁ কারাগারে পাঠানো হয়েছে।

