Nabadhara
ঢাকামঙ্গলবার , ১৯ মে ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

দেশজুড়ে ভূমিসেবা মেলার উদ্বোধন

নিজস্ব প্রতিবেদক, নবধারা 
মে ১৯, ২০২৬ ৪:৩৩ অপরাহ্ণ
Link Copied!

নিজস্ব প্রতিবেদক, নবধারা 

“সুরক্ষিত ভূমি, সমৃদ্ধ ভবিষ্যৎ” ও “জনবান্ধব অটোমেটেড ভূমি ব্যবস্থাপনা” প্রতিপাদ্যকে সামনে রেখে দেশের বিভিন্ন জেলা ও উপজেলায় শুরু হয়েছে তিন দিনব্যাপী ভূমি সেবা মেলা-২০২৬। মঙ্গলবার (১৯ মে) বর্ণাঢ্য র‌্যালি, আলোচনা সভা ও সেবামূলক কার্যক্রমের মধ্য দিয়ে এসব মেলার উদ্বোধন করা হয়।

যশোরের মনিরামপুরে উপজেলা ভূমি অফিসের উদ্যোগে আয়োজিত মেলার উদ্বোধন করেন যশোর-৫ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট গাজী এনামুল হক। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. সম্রাট হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে সহকারী কমিশনার (ভূমি) মো. মাহির দায়ান আমিন বলেন, আধুনিক প্রযুক্তিনির্ভর, স্বচ্ছ ও জবাবদিহিমূলক ভূমি ব্যবস্থাপনা গড়ে তুলতেই এ আয়োজন। এখন অনলাইন নামজারি, ভূমি উন্নয়ন কর পরিশোধ ও ই-পর্চাসহ বিভিন্ন সেবা সহজেই পাওয়া যাচ্ছে।

প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য গাজী এনামুল হক বলেন, “স্মার্ট বাংলাদেশ গঠনে ভূমি ব্যবস্থাপনার ডিজিটাল রূপান্তর অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রযুক্তির কল্যাণে ভূমি অফিসে হয়রানি কমছে এবং জনগণ দ্রুত সেবা পাচ্ছে।”

রাজশাহীর দুর্গাপুরে উপজেলা ভূমি অফিস চত্বরে বেলুন উড়িয়ে তিন দিনব্যাপী ভূমিসেবা মেলা-২০২৬-এর উদ্বোধন করা হয়। পরে একটি বর্ণাঢ্য র‍্যালি উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। র‍্যালি শেষে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী-৫ (পুঠিয়া-দুর্গাপুর) আসনের সংসদ সদস্য অধ্যাপক নজরুল ইসলাম মণ্ডল।

নেত্রকোনার খালিয়াজুড়িতে ভূমি সপ্তাহ উপলক্ষে উপজেলা চত্বর থেকে একটি র‍্যালি বের হয়ে প্রধান সড়কসমূহ প্রদক্ষিণ করে ভূমি অফিসের সামনে গিয়ে শেষ হয়।

পরে উপজেলা হলরুমে জনসচেতনতা মূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন সহকারী কমিশনার (ভূমি), খালিয়াজুড়ি।

বাগেরহাটের কচুয়ায় উপজেলা প্রশাসনের আয়োজনে ভূমিসেবা মেলার উদ্বোধনী অনুষ্ঠানে ইউএনও মোহাম্মদ আলী হাসান বলেন, ভূমি সংক্রান্ত সেবা মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে এবং ডিজিটাল ভূমি ব্যবস্থাপনা সম্পর্কে সচেতনতা বাড়াতে এ মেলার আয়োজন করা হয়েছে। মেলায় নামজারি, খতিয়ান, ই-নামজারি, ভূমি উন্নয়ন কর ও অনলাইন আবেদনসহ বিভিন্ন সেবা প্রদান করা হচ্ছে।

ফরিদপুর জেলা প্রশাসক কার্যালয় চত্বরে জেলা প্রশাসক মাজহারুল ইসলাম ফিতা কেটে ও বেলুন উড়িয়ে তিন দিনব্যাপী ভূমি সেবা মেলার উদ্বোধন করেন। পরে একটি র‌্যালি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। জেলা প্রশাসকের সভাপতিত্বে অনুষ্ঠিত সেমিনারে অতিরিক্ত জেলা প্রশাসক ও বিভিন্ন সরকারি কর্মকর্তারা অংশ নেন।

ফরিদপুরের আলফাডাঙ্গায় উপজেলা নির্বাহী কর্মকর্তা রিফাত নূর মৌসুমী তিন দিনব্যাপী ভূমিসেবা মেলার উদ্বোধন করেন। এ সময় সহকারী কমিশনার (ভূমি) এ কে এম রাহানুর রহমান বলেন, অনলাইনে নামজারি, খতিয়ান ও ভূমি উন্নয়ন কর প্রদানসহ বিভিন্ন ডিজিটাল সেবা সম্পর্কে জনগণকে সচেতন করাই এ মেলার মূল উদ্দেশ্য।

বরিশালের বাকেরগঞ্জে উপজেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত ভূমি মেলার উদ্বোধনী অনুষ্ঠানে ভার্চুয়াল মাধ্যমে ঢাকায় ভূমি ভবনের কেন্দ্রীয় কার্যক্রম প্রদর্শন করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা মিল্টন চন্দ্র পালের সভাপতিত্বে অনুষ্ঠিত এ আয়োজনে ভূমি সহায়তা কেন্দ্রের স্টল স্থাপন করা হয়। সেখানে তাৎক্ষণিকভাবে ই-নামজারি, জমাখারিজ, ভূমি উন্নয়ন কর পরিশোধ ও আইনি পরামর্শ প্রদান করা হচ্ছে।

গোপালগঞ্জের কোটালীপাড়ায় উপজেলা নির্বাহী কর্মকর্তা সাগুফতা হক তিন দিনব্যাপী ভূমি সেবা মেলার উদ্বোধন করেন। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মাসুম বিল্লাহর সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে বক্তারা বলেন, ডিজিটাল ভূমি ব্যবস্থাপনার মাধ্যমে জনগণ এখন ঘরে বসেই বিভিন্ন সেবা গ্রহণ করতে পারছেন।

সারা দেশের ন্যায় ফেনীর সোনাগাজীতে উপজেলা ভূমি অফিসের উদ্যোগে নানা আয়োজনের মধ্য দিয়ে ভূমিসেবা মেলার উদ্বোধন করা হয়েছে।মঙ্গলবার সকালে এ উপলক্ষে একটি বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। পরে জনসচেতনতামূলক আলোচনা সভা, কুইজ প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

ময়মনসিংহের নান্দাইলে উপজেলা ভূমি অফিসের আয়োজনে শুরু হওয়া ভূমিসেবা মেলার উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাতেমা জান্নাত। এ সময় সহকারী কমিশনার (ভূমি) সালাহ উদ্দিন মাহমুদ বলেন, ভূমি ব্যবস্থাপনায় স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে ডিজিটাল সেবা সম্প্রসারণ করা হচ্ছে। মেলায় আগত সাধারণ মানুষকে বিভিন্ন ভূমি সংক্রান্ত প্রশ্নের উত্তর ও পরামর্শ দেওয়া হয়।

যশোরের টাউন হল মাঠে মেলার উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ আশেক হাসান। উদ্বোধনের পর বর্ণাঢ্য র‌্যালিতে সরকারি কর্মকর্তা, শিক্ষার্থী ও সাধারণ মানুষ অংশ নেন। মেলায় ভূমি উন্নয়ন কর অনলাইন পরিশোধ, ই-নামজারি, ই-পর্চা ও দাখিলা সংগ্রহসহ বিভিন্ন ডিজিটাল সেবা সরাসরি প্রদর্শন ও প্রদান করা হচ্ছে। কর্মকর্তারা জানান, ডিজিটাল ব্যবস্থার কারণে ভূমি সেবায় সাধারণ মানুষের ভোগান্তি উল্লেখযোগ্যভাবে কমেছে।

একই দিনে আশাশুনি উপজেলায় ভূমিসেবা মেলার উদ্বোধন করা হয় উপজেলা ভূমি অফিস চত্বরে। উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী কমিশনার (ভূমি) লাল ফিতা কেটে মেলার উদ্বোধন করেন। তিন দিনব্যাপী এ মেলায় অনলাইন নামজারি, ভূমি উন্নয়ন কর পরিশোধ, ই-পর্চা সংগ্রহসহ নানা সেবা দেওয়া হচ্ছে। স্থানীয় প্রশাসন জানায়, গণশুনানি ও সরাসরি পরামর্শের মাধ্যমে দীর্ঘদিনের জটিল সমস্যারও সমাধান করা হচ্ছে।

ভাণ্ডারিয়ােও একই প্রতিপাদ্যে ভূমিসেবা মেলার উদ্বোধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা ভূমি অফিস চত্বরে আয়োজিত অনুষ্ঠানে বক্তারা বলেন, নামজারি ও জমাখারিজের মাধ্যমে জমির সরকারি স্বীকৃতি নিশ্চিত হয়, যা না থাকলে মালিকানা জটিলতা তৈরি হয়। মেলার মাধ্যমে ভূমি ব্যবস্থাপনাকে আরও আধুনিক ও হয়রানিমুক্ত করার ওপর গুরুত্বারোপ করা হয়।

অন্যদিকে মাদারগঞ্জে তিন দিনব্যাপী ভূমিসেবা মেলার উদ্বোধন করা হয় উপজেলা ভূমি অফিসের উদ্যোগে। উদ্বোধনের পর বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়। বক্তারা জানান, অনলাইন ভূমি সেবা ব্যবস্থার ফলে জনগণ এখন সহজেই ঘরে বসে নামজারি, খাজনা পরিশোধসহ বিভিন্ন সেবা পাচ্ছেন।

“সুরক্ষিত ভূমি, সমৃদ্ধ ভবিষ্যৎ” প্রতিপাদ্যকে সামনে রেখে জয়পুরহাটের কালাই উপজেলায় তিন দিনব্যাপী ভূমি মেলার উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার (১৯ মে) সকাল সাড়ে ১০টায় উপজেলা ভূমি অফিস প্রাঙ্গণে এ মেলার উদ্বোধন অনুষ্ঠিত হয়।

দেশব্যাপী আয়োজিত এসব ভূমি সেবা মেলায় অনলাইন নামজারি আবেদন গ্রহণ, ভূমি উন্নয়ন কর পরিশোধ, ই-পর্চা বিতরণ, জমাখারিজ, গণশুনানি, সেমিনার, কুইজ ও সচেতনতামূলক কার্যক্রম পরিচালিত হচ্ছে। সংশ্লিষ্টরা বলছেন, ডিজিটাল ভূমি ব্যবস্থাপনার মাধ্যমে জনগণের ভোগান্তি কমানো এবং দ্রুত ও স্বচ্ছ সেবা নিশ্চিত করাই এ উদ্যোগের মূল লক্ষ্য।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।