ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি
দিনাজপুরের ঘোড়াঘাটে ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে তিন মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। শনিবার (২৩ মে ২০২৬) সকাল প্রায় ৮টা ৫৫ মিনিটে ঘোড়াঘাট থানার রানীগঞ্জ বাজার বড় মসজিদের সামনে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন—ঘোড়াঘাট উপজেলার নুরপুর গ্রামের মোশারফ হোসেনের ছেলে আলামিন (১৫), মগলিশপুর গ্রামের সলিমুদ্দিনের ছেলে সৈকত (১৬) এবং আফসারাবাদ কলোনির সমেশ উদ্দিনের ছেলে কাইয়ুম (২০)।
স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, শনিবার সকালে তিন আরোহী নিয়ে একটি মোটরসাইকেল লোকাল সড়ক থেকে রানীগঞ্জ বাজার বড় মসজিদের সামনে প্রধান সড়কে উঠছিল। এসময় দিনাজপুরগামী ‘ঢাকা মেট্রো ট-২৪-২৫৫৯’ নম্বরের একটি মালবাহী ট্রাকের সঙ্গে মোটরসাইকেলটির মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষে মোটরসাইকেলের আরোহীরা ছিটকে সড়কে পড়ে গুরুতর আহত হন।
জানা গেছে, মোটরসাইকেলের তিন আরোহীর কারও মাথায় হেলমেট ছিল না। দুর্ঘটনায় ঘটনাস্থলেই একজনের মৃত্যু হয়। পরে স্থানীয় লোকজন ও পুলিশ আহত অপর দুইজনকে উদ্ধার করে দ্রুত ঘোড়াঘাট (ওসমানপুর) উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
দুর্ঘটনার পর মহাসড়কে কিছু সময়ের জন্য উত্তেজনা সৃষ্টি হলেও বর্তমানে যান চলাচল স্বাভাবিক রয়েছে। খবর পেয়ে ঘোড়াঘাট থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
ঘোড়াঘাট থানা পুলিশ জানিয়েছে, দুর্ঘটনাকবলিত ট্রাক ও মোটরসাইকেলটি পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।

