রাসেল আহমেদ, খুলনা প্রতিনিধি
খুলনার খালিশপুর প্রভাতী স্কুল মাঠে বিএনপির চেয়ারপারসন তারেক রহমানের নির্বাচনী জনসভাকে কেন্দ্র করে নেতা-কর্মীদের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা গেছে। সকাল থেকেই বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা খণ্ড খণ্ড মিছিল নিয়ে সমাবেশস্থলে আসতে শুরু করেন।
দীর্ঘ ২২ বছর পর খুলনায় সফরে এসেছেন তারেক রহমান। আজ সোমবার দুপুর ১২টায় জনসভা শুরু হওয়ার কথা রয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেবেন বিএনপির চেয়ারপারসন তারেক রহমান। জনসভা শেষে তিনি যশোরে আরেকটি জনসভায় যোগ দেওয়ার কথা রয়েছে।
তারেক রহমানের খুলনায় আগমনকে কেন্দ্র করে প্রশাসনের পক্ষ থেকে নেওয়া হয়েছে কঠোর নিরাপত্তাব্যবস্থা। তিন স্তরের নিরাপত্তার অংশ হিসেবে রোববার রাত থেকেই খালিশপুর এলাকার বিভিন্ন সড়ক ও গুরুত্বপূর্ণ মোড়ে পুলিশ সদস্যদের অবস্থান নিতে দেখা গেছে।
আজ ভোর থেকেই খুলনার পাশাপাশি বাগেরহাট ও সাতক্ষীরা জেলার বিভিন্ন এলাকা থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে নেতা-কর্মীরা সমাবেশস্থলে জড়ো হতে থাকেন। প্রভাতী স্কুল মাঠে নির্মিত মঞ্চের নিরাপত্তা নিশ্চিত করতে রাতভর সেখানে অবস্থান করেন বিএনপির নেতা-কর্মীরা।
এদিকে সাতক্ষীরা ও বাগেরহাটসহ আশপাশের বিভিন্ন জেলা থেকে বিএনপির চেয়ারপারসন তারেক রহমানকে একনজর দেখার আশায় বিপুলসংখ্যক নেতা-কর্মী ও সমর্থক সমাবেশস্থলে উপস্থিত হয়েছেন। মাঠের এক পাশে পুরুষদের এবং অন্য পাশে নারীদের বসার জন্য আলাদা ব্যবস্থা রাখা হয়েছে।
বিএনপি খুলনা মহানগর মিডিয়া সেলের আহ্বায়ক মিজানুর রহমান মিল্টন বলেন, জনসভাকে কেন্দ্র করে জনতার ঢল নেমেছে। তিনি জানান, দুপুর ১২টার মধ্যে তারেক রহমান সমাবেশস্থলে পৌঁছাবেন বলে আশা করা হচ্ছে।

