যশোর প্রতিনিধি
যশোরের চৌগাছা উপজেলায় অবৈধভাবে ডিজেল বিক্রির অভিযোগে এক এজেন্টকে ১০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে জব্দ করা হয়েছে প্রায় ২০০ লিটার ডিজেল।
মঙ্গলবার দুপুরে চৌগাছা-শার্শা সড়কের কুঠিপাড়া দিনায়েত মোড় এলাকায় এ অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফারজানা ইসলাম। এসময় উপজেলা কৃষি কর্মকর্তা মুসাব্বির হুসাইন, চৌগাছা থানার ওসি মামুনুর রশীদ, এসআই আব্দুস সাত্তারসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।
স্থানীয় সূত্রে জানা যায়, নিয়ম অমান্য করে কৃষকদের কাছে ডিজেল বিক্রি না করে চৌগাছার মেসার্স লিয়াকত এন্টারপ্রাইজ নামে এক ডিজেল এজেন্ট পার্শ্ববর্তী শার্শা উপজেলার এক মুদি দোকানির কাছে ব্যারেলভর্তি প্রায় ২০০ লিটার ডিজেল বিক্রি করেন। পরে একটি ভ্যানে করে তেলটি সরবরাহের সময় স্থানীয়রা ভ্যানচালককে থামিয়ে মেমো দেখতে চাইলে তিনি তা দেখাতে ব্যর্থ হন। এতে সন্দেহ হলে স্থানীয়রা ভ্যানটি আটক করে প্রশাসনকে খবর দেন।
খবর পেয়ে ইউএনও ফারজানা ইসলামের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত ঘটনাস্থলে পৌঁছে অভিযান পরিচালনা করে। পেট্রোলিয়াম আইন, ২০১৬ এর ২০(১) ধারায় লিয়াকত এন্টারপ্রাইজের মালিক শফিকুল ইসলামের কাছ থেকে ১০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।
এছাড়া জব্দকৃত ২০০ লিটার ডিজেল চৌগাছার বিশ্বাস ফিলিং স্টেশনে বিক্রি করে ২২ হাজার ১৭০ টাকা সরকারি কোষাগারে জমা দেওয়া হয়েছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা ইসলাম বলেন, “নিয়মবহির্ভূতভাবে জ্বালানি তেল বিক্রি বা মজুদকারীদের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।”

