কচুয়া (বাগেরহাট) প্রতিনিধি
বাগেরহাটের কচুয়া উপজেলায় কঠোর নিরাপত্তা ও শান্তিপূর্ণ পরিবেশে এসএসসি, এসএসসি (ভোকেশনাল) ও দাখিল পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। পরীক্ষার্থীদের পদচারণায় মুখরিত হয়ে ওঠে উপজেলার নির্ধারিত তিনটি কেন্দ্র।
উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, উপজেলার তিনটি কেন্দ্রে মোট ৭৬১ জন পরীক্ষার্থীর মধ্যে ৭৫৬ জন পরীক্ষায় অংশগ্রহণ করেছে।
মঙ্গলবার (২১ এপ্রিল) অনুষ্ঠিত পরীক্ষায় শিক্ষার্থীদের উপস্থিতি ও শৃঙ্খলা ছিল সন্তোষজনক। কচুয়া পাইলট বালিকা বিদ্যালয় (দাখিল) কেন্দ্রে ২১৮ জন পরীক্ষার্থীর মধ্যে ২১৩ জন উপস্থিত ছিলেন, অনুপস্থিত ছিলেন ৫ জন। সরকারি সিএস পাইলট মডেল উচ্চ বিদ্যালয় (এসএসসি) কেন্দ্রে ২৭৬ জন পরীক্ষার্থীর সবাই উপস্থিত ছিলেন। একই কেন্দ্রে ভোকেশনাল শাখার ৫৮ জন পরীক্ষার্থীর সবাই পরীক্ষায় অংশ নেন। এছাড়া মোবাইদুল ইসলাম মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রে ২০৯ জন পরীক্ষার্থীর সবাই উপস্থিত ছিলেন।
পরীক্ষা সুষ্ঠু, নকলমুক্ত ও কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ছাড়াই সম্পন্ন হওয়ায় সন্তোষ প্রকাশ করেছেন অভিভাবক ও সচেতন মহল।
কচুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আলী হাসান জানান, পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় সব ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। প্রতিটি কেন্দ্রে পর্যাপ্ত নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে এবং কোনো ধরনের অনিয়ম বা বিশৃঙ্খলা বরদাশত করা হবে না বলেও তিনি জানান।

