রাসেল আহমেদ, খুলনা
খুলনার প্রভাতী স্কুল মাঠে বিএনপি আয়োজিত নির্বাচনী জনসভায় খুলনা, বাগেরহাট ও সাতক্ষীরার ১৪টি সংসদীয় আসনের ধানের শীষ প্রতীকের প্রার্থীদের পরিচয় করিয়ে দিয়েছেন দলের চেয়ারম্যান তারেক রহমান।
সোমবার (২ ফেব্রুয়ারি) অনুষ্ঠিত এ জনসভায় তিনি প্রতীকীভাবে ধানের শীষ তুলে প্রার্থীদের জনগণের হাতে সোপর্দ করেন। তারেক রহমান বলেন, “আগামী ১২ ফেব্রুয়ারি পর্যন্ত এই ১৪ জন সংসদ সদস্য প্রার্থীকে জনগণের কাছে রেখে দেওয়া হলো। নির্বাচনের পর তাদের কাজের মাধ্যমে উন্নয়নের বাস্তবতা মূল্যায়ন করা হবে।”
তিনি আরও জানান, বিএনপি রাষ্ট্রক্ষমতায় এলে জবাবদিহিমূলক রাজনীতি প্রতিষ্ঠা করা হবে এবং জনপ্রতিনিধিরা জনগণের কাছে দায়বদ্ধ থাকবে।
জনসভায় প্রার্থীদের ধানের শীষ প্রতীক তুলে দেওয়ার সময় নেতাকর্মী ও সমর্থকদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যায়। এর আগে খুলনা, বাগেরহাট ও সাতক্ষীরার বিভিন্ন সংসদীয় আসনের প্রার্থীরা সংক্ষিপ্ত বক্তব্যে নিজেদের কর্মপরিকল্পনা তুলে ধরেন।
এ জনসভায় বিএনপির কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ ছাড়াও অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী এবং বিপুল সংখ্যক সাধারণ মানুষ উপস্থিত ছিলেন।

