সোহেল রানা বাবু, বাগেরহাট
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে বাগেরহাট-১, ২ ও ৩ আসনের স্বতন্ত্র প্রার্থী এম এ এইচ সেলিম ঘোড়া প্রতীকের নিয়ে সদর উপজেলার বিভিন্ন এলাকায় গণসংযোগ ও নির্বাচনী প্রচারণা চালিয়েছেন।
সোমবার(২ ফেব্রুয়ারি )দুপুর থেকে রাত পর্যন্ত তিনি বিষ্ণুপুর ইউনিয়নের বেশরগাতী এলাকা, বাদোখালী বাজার, বাখরগঞ্জ বাজার, হদ্বেরহাট বাজার, কোড়ামাড়া বাজার, কুলিয়াদাইড়, দড়াটানা ব্রিজ সংলগ্ন এলাকা এবং মারিয়া পল্লীতে খ্রিস্টান সম্প্রদায়ের সঙ্গে মতবিনিময় সভা করেন।
সভায় এম এ এইচ সেলিম বলেন, “আমি যদি এমপি হতে পারি, বাগেরহাট থেকে সব দুর্নীতিবাজ ও চাঁদাবাজদের দল থেকে বের করে দেবো। আপনারা যদি বাগেরহাটের উন্নয়ন চান এবং আমাকে যোগ্য মনে করেন, তাহলে ভোট দিয়ে পাশে থাকবেন। ভোট হচ্ছে আপনাদের মৌলিক অধিকার। আপনারা যাকে খুশি তাকেই ভোট দেবেন। আপনার এলাকার কাজ কীভাবে হবে, তা আপনারাই ভালো জানেন। আর যদি আমাকে নির্বাচিত করেন, আমি আগামী পাঁচ বছর আপনাদের সেবা করতে চাই।”
তিনি আরও বলেন, শিক্ষা ও যোগাযোগ ব্যবস্থা উন্নত করা, বেলায়েত হোসেন ডিগ্রী কলেজের শিক্ষার্থীদের সুযোগ বৃদ্ধি এবং বাগেরহাটে একটি আধুনিক হাসপাতাল নির্মাণ তার অগ্রাধিকার হবে। তবে কোনো নির্বাচনী প্রতিশ্রুতি দেওয়া আচরণবিধি লঙ্ঘন করতে পারে বলে তিনি এড়িয়ে গিয়েছেন।
সভায় উপস্থিত লোকজন প্রার্থীর বক্তব্যে উষ্ণ প্রতিক্রিয়া জানান এবং নির্বাচনী সমর্থন প্রকাশ করেন।

