মনিরামপুর (যশোর) প্রতিনিধি
দলীয় প্রার্থীর বিপক্ষে নির্বাচন পরিচালনার কারণে মনিরামপুর পৌর বিএনপিসহ চারটি ইউনিয়ন কমিটি বিলুপ্ত করা হয়েছে। একাধিকবার সতর্ক করার পরও সাংগঠনিক নির্দেশনা না মানায় এই কঠোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
মঙ্গলবার জেলা বিএনপির সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন খোকনের স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, দলীয় নির্দেশনা উপেক্ষা করে মনিরামপুর পৌরসভা, ভোজগাতি, হারিদাসকাটি, শ্যামকুড় ও মনোহরপুর ইউনিয়ন বিএনপির শীর্ষ পদধারীরা প্রকাশ্যে ধানের শীষ প্রতীকের প্রার্থীর বিপক্ষে অবস্থান নিয়েছেন। তারা বিদ্রোহী প্রার্থী উপজেলা বিএনপির সাবেক সভাপতি এ্যাড. শহীদ ইকবাল হোসেনের পক্ষে প্রচার-প্রচারণায় অংশ নিচ্ছেন।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বিষয়টি দলীয় হাই কমান্ডের নজরে আসার পর সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে এসব কমিটি অবিলম্বে বিলুপ্ত করা হবে। উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আসাদুজ্জামান মিন্টু বিষয়টি নিশ্চিত করেছেন।

