মনিরামপুর (যশোর) প্রতিনিধি
যশোর-৫ (মনিরামপুর) আসনের স্বতন্ত্র প্রার্থী ও উপজেলা বিএনপির সাবেক সভাপতি অ্যাডভোকেট আলহাজ্জ্ব শহীদ মোহাম্মদ ইকবাল হোসেন কলস প্রতীকের সমর্থনে মনিরামপুরের চালুয়াহাটি ইউনিয়নে বুধবার গণসংযোগ ও পথসভা অনুষ্ঠিত করেছেন।
বিকাল থেকে রাত পর্যন্ত তিনি মোবারকপুর, শয়লার হাট, নেগুড়া বাজার, আটঘরা, চালুয়াহাটি, বকুলতলা বাজার, জামতলা মোড়, শাহাপুর ও রতনদিয়া মোড়সহ প্রায় ১০টি স্থানে ভোটারদের সঙ্গে সরাসরি সংযোগ স্থাপন করেন। পথসভায় শহীদ ইকবাল হোসেন বলেন, “মনিরামপুরে বিএনপির অস্তিত্ব রক্ষা করতে স্বতন্ত্র প্রার্থী হয়েছি। কিছু পক্ষ কলস মার্কার বিজয় ঠেকাতে অপ্রচার চালাচ্ছে, তবে জনগণ তা প্রতিহত করবে। কলস মার্কার বিজয় হলে হিন্দু-মুসলিম সম্প্রদায়িক সম্প্রীতি বজায় রেখে একসঙ্গে বসবাস করা হবে। আমি এলাকার উন্নয়নসহ সুখে-দুঃখে সব সময় জনগণের পাশে থাকব।”
সভায় শত শত সাধারণ মানুষ, নারী-পুরুষ ভোটার এবং নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন এবং কলস মার্কার শ্লোগানে সমর্থন জানান। শহীদ ইকবাল হোসেনের সফরসঙ্গী হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির নেতা রবিউল ইসলাম, মহিবুল্লাহ মনু, শাহিনুর রহমান পান্না, একে আজাদ, অ্যাডভোকেট শামসুজ্জামান দিপু, আসাদুজ্জামান আসাদ, ইউনিয়ন বিএনপি নেতা আব্দুল খালেক, আব্দুল ওয়াদুদসহ অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা।

