নড়াইল প্রতিনিধি
নড়াইল-২ আসনের লোহাগড়া উপজেলার বয়রা গ্রামে ধানের শীষের সমর্থক কাজী আজিম (৩৫)কে প্রতিপক্ষ স্বতন্ত্র প্রার্থীর সমর্থকরা কুপিয়ে জখম করেছে। ঘটনা ঘটেছে বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) বিকাল ৩টার দিকে। আহত কাজী আজিম বয়রা গ্রামের ইসরাফিল কাজীর ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, কাজী আজিম ভোটারদের ধানের শীষের স্লিপ দিয়ে ভোট চাচ্ছিলেন। এসময় স্বতন্ত্র প্রার্থী মনিরুল ইসলামের (কলস) প্রতিকের সমর্থক নাহিদ কাজীর সঙ্গে ভোট চাওয়া নিয়ে বাকবিতন্ডা হয়। এক পর্যায়ে নাহিদ কাজী ধারালো অস্ত্র ব্যবহার করে কাজী আজিমকে পায়ে কুপিয়ে আহত করে।
ঘটনার পর স্থানীয়রা তাকে উদ্ধার করে লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। ধানের শীষের প্রার্থী ড. ফরিদুজ্জামান ফরহাদ হাসপাতালে এসে আহতকে দেখতে যান এবং অভিযোগ করেন, ধানের শীষের বিজয় সুনিশ্চিত জেনে স্বতন্ত্র প্রার্থীর লোকজন ভোটের পরিবেশ নষ্ট করার চেষ্টা করছে।
লোহাগড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, পুলিশ ঘটনাস্থলে পাঠানো হয়েছে এবং তদন্ত শেষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

