রাজবাড়ী প্রতিনিধি
আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম, এমপি বলেছেন, নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে সরকার কার্যকর পদক্ষেপ গ্রহণ করবে। একই সঙ্গে মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করা হবে।
রোববার দুপুরে রাজবাড়ী জেলা প্রশাসক কার্যালয় সম্মেলন কক্ষে অনুষ্ঠিত জেলা উন্নয়ন সমন্বয় কমিটির মাসিক সভা শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী বলেন, রাজবাড়ীর উন্নয়নে পদ্মা ব্যারেজ, দ্বিতীয় পদ্মা সেতুসহ গুরুত্বপূর্ণ প্রকল্প বাস্তবায়নের মাধ্যমে জেলাকে একটি আলোকিত ও আধুনিক জেলায় রূপান্তর করা হবে। তিনি বলেন, “দীর্ঘদিন পর আমাদের এই সভা অনুষ্ঠিত হলো। জেলা পর্যায়ের কর্মকর্তাদের বক্তব্য ও পরিকল্পনার কথা আমরা শুনেছি। নির্বাচনী সময়ে আমরা যে প্রতিশ্রুতিগুলো দিয়েছি, সেগুলো বাস্তবায়নে কী কী পদক্ষেপ নেওয়া যায়, সে বিষয়ে প্রাথমিক আলোচনা হয়েছে। আগামী সভায় আমরা বিস্তারিত কর্মপরিকল্পনা জানাতে পারবো।”
তিনি আরও বলেন, “আমরা রাজবাড়ীর উন্নয়নে দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ। পদ্মা ব্যারেজ, দ্বিতীয় পদ্মা সেতুসহ যে বিষয়গুলো আমরা প্রতিশ্রুতি দিয়েছি, তা বাস্তবায়নের মাধ্যমে রাজবাড়ীকে একটি আলোকিত জেলায় পরিণত করা হবে।”
মাদক নির্মূল প্রসঙ্গে প্রতিমন্ত্রী জানান, জেলা প্রশাসক ও পুলিশ সুপারকে ইতোমধ্যে একটি সুপরিকল্পিত কর্মপদ্ধতি তৈরির নির্দেশ দেওয়া হয়েছে। তিনি বলেন, “মাদকের বিষয়ে আমাদের জিরো টলারেন্স। শুধু বক্তব্য দিলে হবে না, কার্যকর পদক্ষেপ নিতে হবে। সেই লক্ষ্যে পরিকল্পনা গ্রহণ করা হচ্ছে এবং পরিকল্পনার ভিত্তিতে ব্যাপক কর্মসূচি হাতে নেওয়া হবে।”
সভায় উপস্থিত হারুন অর রশিদ, এমপি বলেন, মাদকের সমস্যা একটি চলমান চ্যালেঞ্জ। এটি নির্মূলে প্রশাসনকে কঠোরভাবে কাজ করতে হবে। কর্মসংস্থানের অভাবের কারণে মাদকের প্রভাব বাড়ছে উল্লেখ করে তিনি বলেন, কৃষিপ্রধান জেলা হওয়ায় শিল্পকারখানা না থাকায় বেকারত্বের অভিশাপ মাদক বিস্তারে সহায়ক হিসেবে কাজ করছে। তাই সবাইকে মাদকের বিরুদ্ধে এগিয়ে আসার আহ্বান জানান তিনি।
সুলতানা আক্তার এর সভাপতিত্বে অনুষ্ঠিত সমন্বয় সভায় রাজবাড়ী-২ আসনের সংসদ সদস্যসহ জেলার বিভিন্ন সরকারি দপ্তরের প্রধান, রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

