Nabadhara
ঢাকারবিবার , ১৯ এপ্রিল ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

আন্তর্জাতিক ‘হুজ হু বাংলাদেশ-২০২৬’ সম্মাননায় ভূষিত গাকৃবির ভিসি ড. মোস্তাফিজুর রহমান

নিজস্ব প্রতিবেদক, গাজীপুর
এপ্রিল ১৯, ২০২৬ ৬:২২ অপরাহ্ণ
Link Copied!

নিজস্ব প্রতিবেদক, গাজীপুর

আন্তর্জাতিকভাবে স্বীকৃত মর্যাদাপূর্ণ ‘হুজ হু বাংলাদেশ-২০২৬’ সম্মাননায় ভূষিত হয়েছেন গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ের (গাকৃবি) ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. জিকেএম মোস্তাফিজুর রহমান। কৃষি ও মৃত্তিকা বিজ্ঞানে অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ তিনি এ সম্মাননা লাভ করেন।

গত শনিবার রাজধানীর বনানীতে হোটেল শেরাটনে আয়োজিত এক অনুষ্ঠানে তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে তার হাতে এ সম্মাননা তুলে দেন। অনুষ্ঠানে কৃষি, শিক্ষা, শিল্প, সাংবাদিকতা ও সাহিত্যসহ মোট ১২টি ক্ষেত্রে অবদান রাখা দেশের ১২ জন বিশিষ্ট ব্যক্তিকে এই পুরস্কার প্রদান করা হয়। অনুষ্ঠানে ‘হুজ হু বাংলাদেশ’-এর প্রধান নির্বাহী নাজিনুর রহিম ও সম্পাদক লুৎফুন নাহার তাপসীসহ বিভিন্ন অঙ্গনের বিশিষ্টজনরা উপস্থিত ছিলেন।

পুরস্কার প্রাপ্তির প্রতিক্রিয়ায় প্রফেসর ড. মোস্তাফিজুর রহমান বলেন, “এই সম্মাননা শুধু আমার ব্যক্তিগত অর্জন নয়; এটি বাংলাদেশের কৃষি গবেষণা ও জ্ঞানচর্চার একটি আন্তর্জাতিক স্বীকৃতি। এ স্বীকৃতি আমাকে আরও দায়িত্বশীল করে তুলেছে। টেকসই কৃষি উন্নয়ন ও পরিবেশ রক্ষায় গবেষণাভিত্তিক উদ্যোগই হতে পারে আমাদের ভবিষ্যতের প্রধান শক্তি।”

ড. মোস্তাফিজুর রহমান বাংলাদেশের পরিবেশগত মৃত্তিকা বিজ্ঞানের একজন স্বনামধন্য গবেষক। তিনি ২০০৪ সালে গাকৃবির মৃত্তিকা বিজ্ঞান বিভাগে সহযোগী অধ্যাপক হিসেবে যোগ দেন এবং ২০০৮ সালে অধ্যাপক পদে উন্নীত হন। তিনি বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় থেকে কৃষিতে স্নাতক (১৯৮৮) ও মৃত্তিকা বিজ্ঞানে স্নাতকোত্তর (১৯৯৩) ডিগ্রি অর্জনের পর জাপানের চিবা বিশ্ববিদ্যালয় থেকে ২০০০ সালে পিএইচডি সম্পন্ন করেন।

আন্তর্জাতিক অঙ্গনেও তার গবেষণা ব্যাপক স্বীকৃতি পেয়েছে। আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা (IAEA)সহ বিভিন্ন প্রতিষ্ঠানের আমন্ত্রণে বিদেশে প্রশিক্ষণ গ্রহণ করেছেন তিনি। চায়নিজ একাডেমি অব সায়েন্সেস এবং কিং আবদুল আজিজ সিটি ফর সায়েন্স অ্যান্ড টেকনোলজির ফেলোশিপও অর্জন করেছেন। ইউএসডিএ, ড্যানিডা, ইউএসএইড ও বিশ্বব্যাংকের অর্থায়নে মৃত্তিকা স্বাস্থ্য, দূষণ নিয়ন্ত্রণ ও জলবায়ু পরিবর্তন বিষয়ে তার নেতৃত্বে পরিচালিত বিভিন্ন প্রকল্প দেশের টেকসই কৃষি উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

বিশ্ব র‌্যাঙ্কিংয়ে শীর্ষস্থানীয় বিজ্ঞানী হিসেবে ২০১৯ থেকে ২০২৪ সাল পর্যন্ত ধারাবাহিকভাবে দেশের সেরা পাঁচজন কৃষি ও পরিবেশ বিজ্ঞানীর তালিকায় স্থান করে নিয়েছেন তিনি।

উল্লেখ্য, ১৮৪৯ সাল থেকে ‘হুজ হু’ বিশ্বের বিভিন্ন দেশে গুণীজনদের অবদান সংরক্ষণ ও স্বীকৃতি দিয়ে আসছে। বাংলাদেশে ২০১৬ সাল থেকে প্রতি দুই বছর অন্তর এ সম্মাননা প্রদান করা হচ্ছে, যার লক্ষ্য কৃতী ব্যক্তিদের অনুপ্রেরণামূলক অবদান তুলে ধরা এবং নতুন প্রজন্মকে ইতিবাচক ধারায় উদ্বুদ্ধ করা।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।