নওগাঁ প্রতিনিধি
নওগাঁর মান্দা উপজেলার চকহরিনারায়ন দাখিল মাদ্রাসায় নিয়োগ কার্যক্রমকে কেন্দ্র করে ব্যাপক অনিয়ম, স্বজনপ্রীতি ও নিয়োগ বাণিজ্যের অভিযোগ উঠেছে। মাদ্রাসা সুপারের বিরুদ্ধে নিজের মেয়েকে নিয়োগের পাঁয়তারা ও বিভিন্ন প্রার্থীর সঙ্গে অর্থ লেনদেনের অভিযোগ এনে জেলা প্রশাসকের হস্তক্ষেপ দাবি করে অভিযোগ দিয়েছেন।
এ ঘটনায় এলাকাবাসীর পক্ষে সোমবার মোহাম্মদ জাকির হোসাইন নামের এক ব্যক্তি জেলা প্রশাসক বরাবর লিখিত অভিযোগ দাখিল করেছেন।
অভিযোগ সূত্রে জানা গেছে, মাদ্রাসাটিতে ল্যাব অ্যাসিস্ট্যান্ট পদে সুপারেনটেনডেন্টের ছোট মেয়ে উম্মে আখি আক্তারকে নিয়োগ দিতে সকল প্রক্রিয়া চূড়ান্ত করা হয়েছে। এছাড়া পিয়ন পদে আজিজুল ইসলাম ও শাহীন আলমসহ একাধিক প্রার্থীর সঙ্গে অনৈতিক আর্থিক লেনদেনের অভিযোগ উঠেছে।
এমনকি আফজাল হোসেন নামে এক ব্যক্তির কাছ থেকে নিয়োগের কথা বলে মোটা অঙ্কের টাকা নিলেও তাকে নিয়োগ দেওয়া হয়নি বলে অভিযোগে উল্লেখ করা হয়।
অভিযোগকারী জাকির হোসেন বলেন, নিয়োগ বিজ্ঞপ্তিটি যথাযথভাবে প্রচার না করে গোপনীয়তা রক্ষা করা হয়েছে এবং পরিচালনা কমিটির অনেক সদস্যকে অন্ধকারে রেখেই এই কার্যক্রম চালানো হচ্ছে।
আরও গুরুতর অভিযোগ উঠেছে যে, দীর্ঘ প্রায় ৬ বছর কর্মস্থলে অনুপস্থিত থাকা এক কর্মচারীর নামে নিয়ম বহির্ভূতভাবে বেতন উত্তোলন করা হচ্ছে, যা বড় ধরনের আর্থিক অনিয়ম।
অভিযোগের বিষয়ে জানতে চাইলে মাদ্রাসার সুপারেনটেনডেন্ট বলেন, তার বিরুদ্ধে আনা সব অভিযোগ ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত। নিয়োগের ক্ষেত্রে সকল সরকারি বিধিমালা অনুসরণ করা হচ্ছে।
তিনি আরও বলেন, সংশ্লিষ্ট কর্মচারী ৮ মাস অনুপস্থিত ছিল, তাই তাকে ৮ মাসের বেতন বাদ দিয়ে বেতন দেওয়া হয়েছে।
অভিযোগ প্রাপ্তির সত্যতা নিশ্চিত করেছেন জেলা প্রশাসক মোহাম্মদ সাইফুল ইসলাম।

