জয়পুরহাট প্রতিনিধি
মানবাধিকার ও বাক-স্বাধীনতা নিশ্চিত করার প্রস্তাবনা তুলে ধরে জয়পুরহাটে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভা করেছে হেযবুত তওহীদ।
সোমবার দুপুরে জয়পুরহাট জেলা প্রেসক্লাবে ‘মানবাধিকার ও বাক-স্বাধীনতা নিশ্চিতে আমাদের প্রস্তাবনা’ শীর্ষক এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় মূল প্রতিপাদ্য উপস্থাপন করেন সংগঠনটির কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক মশিউর রহমান।
এ সময় উপস্থিত ছিলেন রাজশাহী বিভাগীয় সমন্বয়কারী সাহারুল ইসলাম, জয়পুরহাট জেলা সভাপতি মাসুদ রানা চৌধুরী, জয়পুরহাট সদর উপজেলা সভাপতি আবু রায়হান, পাঁচবিবি উপজেলা সভাপতি আসাদুজ্জামান মুকুল এবং জেলা গণমাধ্যম সম্পাদক জামাল উদ্দিনসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা।
বক্তারা বলেন, বর্তমান বিশ্ব যুদ্ধ, রক্তপাত ও আগ্রাসনের কারণে এক গভীর সংকটের মধ্য দিয়ে যাচ্ছে, যেখানে দুর্বলের ওপর সবলের অত্যাচার ক্রমেই বৃদ্ধি পাচ্ছে। বাংলাদেশও এর বাইরে নয়; দেশে রাজনৈতিক, অর্থনৈতিক ও সামাজিক নানা সংকট বিদ্যমান।
তারা আরও বলেন, দেশে নানা আন্দোলন ও সরকার পরিবর্তন হলেও প্রত্যাশিত শান্তি ও মানবাধিকার নিশ্চিত করা সম্ভব হচ্ছে না। এই সংকট থেকে উত্তরণে ইসলামের সঠিক শিক্ষা ও তার বাস্তবায়নের ওপর গুরুত্বারোপ করেন বক্তারা।
তাদের মতে, সমাজে শান্তি ও ন্যায়বিচার প্রতিষ্ঠায় শুধু আইন প্রয়োগ যথেষ্ট নয়; বরং আদর্শিক প্রচারণা ও জনসচেতনতা বৃদ্ধির মাধ্যমে টেকসই পরিবর্তন সম্ভব। তারা দাবি করেন, ইসলামই প্রকৃত অর্থে মানবাধিকার, বাক-স্বাধীনতা ও ন্যায়বিচার নিশ্চিত করতে সক্ষম।

