আশাশুনি (সাতক্ষীরা) প্রতিনিধি
সাতক্ষীরা জেলা প্রশাসক মিজ আফরোজা আখতার আশাশুনি উপজেলার গোয়ালডাঙ্গা বাজার বাঁধ ভাঙন এলাকা, সদর ইউনিয়ন পরিষদসহ বিভিন্ন সরকারি দপ্তর ও উন্নয়ন কার্যক্রম পরিদর্শন করেছেন। সোমবার দুপুর ১২টা ৩০ মিনিটে তিনি আশাশুনিতে পৌঁছান।
পরিদর্শনকালে তিনি গোয়ালডাঙ্গা বাজারে নদীর স্রোতে সৃষ্ট বাঁধ ভাঙনের ভয়াবহ পরিস্থিতি প্রত্যক্ষ করেন এবং স্থানীয় জনপ্রতিনিধি ও ভুক্তভোগীদের সঙ্গে কথা বলেন। এ সময় তিনি পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তাদের সঙ্গে মোবাইল ফোনে যোগাযোগ করে দ্রুত ব্যবস্থা গ্রহণের নির্দেশনা দেন।
এ সময় উপস্থিত ছিলেন ভারপ্রাপ্ত ইউপি প্রশাসক আক্তার ফারুক বিল্লাল, বাজার কমিটির সভাপতি মহির উদ্দিন ফকির, জামায়াতে ইসলামীর আমির এমএ ওয়াজেদ আলী, সাবেক ইউনিয়ন বিএনপির সদস্য সচিব বকুল শিকারি, ইউপি সদস্য জুলফিকার আলী ভুট্টো, বীর মুক্তিযোদ্ধা মাস্টার আব্দুল ওয়াহাবসহ স্থানীয় নেতৃবৃন্দ।
এরপর জেলা প্রশাসক সদর ইউনিয়ন পরিষদ পরিদর্শন করেন। এ সময় তিনি নথিপত্র, পরিষদের সার্বিক কার্যক্রম, গ্রাম পুলিশের দায়িত্ব পালন এবং সেবা কার্যক্রম পর্যালোচনা করেন। পরিষদের বিভিন্ন কক্ষ ঘুরে দেখেন এবং সেবা নিতে আসা উপকারভোগীদের সঙ্গেও কথা বলেন।
এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা শ্যামানন্দ কুন্ডু, ইউপি চেয়ারম্যান এস এম হোসেনুজ্জামান, আশাশুনি প্রেস ক্লাবের সভাপতি ও সম্পাদকসহ স্থানীয় কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
পরে জেলা প্রশাসক সদর ইউনিয়ন ভূমি অফিস, সহকারী কমিশনার (ভূমি) কার্যালয়, ইএসডিও’র বিভিন্ন কার্যক্রম এবং ‘একটি বাড়ি একটি খামার’ প্রকল্পের কার্যক্রম পরিদর্শন করেন।

