রাসেল আহমেদ,খুলনা প্রতিনিধি
খুলনা প্রেসক্লাবে অনধিকার প্রবেশ, হুমকি ও সাংবাদিক লাঞ্ছনার ঘটনায় তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয় সাংবাদিকরা। জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে সোমবার (২৭ এপ্রিল) প্রেসক্লাব চত্বরে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।
কর্মসূচিতে বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতাকর্মীরাও সংহতি জানান।
বক্তারা বলেন, সাংবাদিকদের ওপর হামলা গণমাধ্যমের স্বাধীনতার ওপর সরাসরি আঘাত এবং একটি রাজনৈতিক দলের পরিচয়ে কিছু ব্যক্তি পরিকল্পিতভাবে প্রেসক্লাবে প্রবেশ করে নির্বাচনকে প্রভাবিত করার চেষ্টা করেছে। রোববারের ঘটনায় সভাপতি প্রার্থী মোস্তফা সরোয়ারকে হুমকি ও সাধারণ সম্পাদক প্রার্থী তরিকুল ইসলামকে লাঞ্ছনার অভিযোগ ওঠে।
সমাবেশে সিসিটিভি ফুটেজ দেখে দ্রুত জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানানো হয়। একই সঙ্গে ঘটনার নেপথ্যের ব্যক্তিদেরও খুঁজে বের করার আহ্বান জানান বক্তারা। খুলনার চার শহীদ সাংবাদিকের স্মরণে শ্রদ্ধা জানিয়ে তারা বলেন, অতীতের মতো সহিংসতার পুনরাবৃত্তি আর দেখতে চায় না সাংবাদিক সমাজ।
খুলনা সিটি কর্পোরেশনের প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু বলেন, ঘটনায় রাজনৈতিক সংশ্লিষ্টতা প্রমাণিত হলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। এদিকে প্রেসক্লাব কর্তৃপক্ষ চারজনকে আসামি করে মামলা দায়ের করলেও এখনো কাউকে গ্রেপ্তার করা হয়নি।

