ফেনী প্রতিনিধি
স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) পরিচালিত ‘নগর পরিচালন ও অবকাঠামো উন্নয়ন প্রকল্প’-এর আওতায় দেশের ১৬টি পৌরসভার উন্নয়ন মহাপরিকল্পনা প্রণয়নের অংশ হিসেবে ফেনীর সোনাগাজী পৌরসভায় দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার সোনাগাজী পৌরসভা মিলনায়তনে আয়োজিত এ কর্মশালায় সভাপতিত্ব করেন পৌরসভার প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা রিগ্যান চাকমা।
কর্মশালায় বক্তব্য রাখেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. তৌহিদুল ইসলাম, পৌরসভার নির্বাহী প্রকৌশলী হুমায়ুন কবির, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা আল আমিন শেখ, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা নুরুল আমিন, নগর পরিকল্পনাবিদ আল মুস্তাকিন অপূর্ব ও সীমা আক্তার।
এছাড়া আলোচনায় অংশ নেন পৌর বিএনপির আহ্বায়ক মঞ্জুর হোসেন বাবর, পৌর যুবদলের আহ্বায়ক ইকবাল হোসেন, বিএনপি নেতা রফিকুল ইসলাম, বেলায়েত হোসেন মিলন এবং পৌরসভার স্টোর কিপার মোজাম্মেল হোসেন আবিরসহ বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরা।
কর্মশালায় সোনাগাজী পৌরসভার টেকসই নগর উন্নয়ন, অবকাঠামোগত সমস্যা, ড্রেনেজ ব্যবস্থা, সড়ক যোগাযোগ, স্বাস্থ্যসেবা, শিক্ষা ও পরিবেশ ব্যবস্থাপনা নিয়ে বিস্তারিত আলোচনা হয়। অংশগ্রহণকারীরা তাদের মতামত ও প্রস্তাবনা তুলে ধরেন, যা ভবিষ্যৎ উন্নয়ন মহাপরিকল্পনা প্রণয়নে সহায়ক হবে বলে আশা প্রকাশ করা হয়।
সভাপতির বক্তব্যে রিগ্যান চাকমা বলেন, পরিকল্পিত উন্নয়নের মাধ্যমে সোনাগাজী পৌরসভাকে একটি আধুনিক ও বাসযোগ্য নগরীতে রূপান্তর করতে সকলের সম্মিলিত উদ্যোগ প্রয়োজন। তিনি সংশ্লিষ্ট সকলকে গঠনমূলক মতামত দেওয়ার জন্য ধন্যবাদ জানান।
দিনব্যাপী কর্মশালার মাধ্যমে প্রাপ্ত সুপারিশসমূহ যাচাই-বাছাই করে চূড়ান্ত উন্নয়ন মহাপরিকল্পনায় অন্তর্ভুক্ত করা হবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

