আশাশুনি (সাতক্ষীরা) প্রতিনিধি
সাতক্ষীরার আশাশুনি উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৯ এপ্রিল) সকাল সাড়ে ১০টায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
মুসলিম এইড ইউকে বাংলাদেশ ফিল্ড অফিসের সহযোগিতায় ইকো সোশ্যাল ডেভেলপমেন্ট অর্গানাইজেশন (ইএসডিও) কর্তৃক বাস্তবায়নাধীন Inclusive Community Resilience to Disaster and Climate Vulnerabilities (ICRDCV-III) প্রকল্পের আওতায় সভাটি আয়োজন করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা শ্যামানন্দ কুন্ডুর সভাপতিত্বে এবং প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. আমিরুল ইসলামের সঞ্চালনায় সভা অনুষ্ঠিত হয়।
সভায় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. নিতিশ কুমার গোলদার, সমাজসেবা কর্মকর্তা মো. রফিকুল ইসলাম, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, প্রাণিসম্পদ অধিদপ্তর, মৎস্য অধিদপ্তর, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স, মহিলা বিষয়ক অধিদপ্তর, যুব উন্নয়ন অধিদপ্তর, এলজিইডি, প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষা বিভাগ এবং আশাশুনি থানাসহ বিভিন্ন দপ্তরের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
এছাড়া প্রতাপনগর, আনুলিয়া, শ্রীউলা ও আশাশুনি সদর ইউনিয়নের চেয়ারম্যানবৃন্দ, প্রেসক্লাবের সভাপতি ও সম্পাদক, বিভিন্ন সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ এবং ব্র্যাক, সুশীলন, আইডিয়াল, কারিতাস, বারসিক, উত্তরন ও ইএসডিওসহ বিভিন্ন এনজিও প্রতিনিধিরাও সভায় অংশ নেন।
সভায় দুর্যোগ প্রস্তুতি, ঝুঁকি মোকাবিলা এবং সমন্বিত কার্যক্রম নিয়ে বিস্তারিত আলোচনা হয়। বিভিন্ন দপ্তরের প্রতিনিধিরা নিজ নিজ প্রস্তুতির অগ্রগতি সভাকে অবহিত করেন।
উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জানান, আশাশুনি উপজেলায় বর্তমানে মোট ১০৮টি দুর্যোগ আশ্রয় কেন্দ্র প্রস্তুত রয়েছে।
সিপিপির সহকারী পরিচালক মুন্সি নুরমোহাম্মদ ঘূর্ণিঝড় আশ্রয় কেন্দ্রগুলো সচল রাখতে প্রশিক্ষণ উদ্যোগ গ্রহণের জন্য সংশ্লিষ্ট প্রকল্প কর্তৃপক্ষকে ধন্যবাদ জানান।
সভায় পানি উন্নয়ন বোর্ডের আওতাধীন বাঁধসমূহের জরুরি সংস্কার এবং দুর্যোগকালীন সময়ে জনগণের জানমাল সুরক্ষায় দ্রুত ব্যবস্থা নেওয়ার বিষয়টি গুরুত্বের সঙ্গে আলোচনা করা হয়। উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভাপতি সংশ্লিষ্ট দপ্তরগুলোকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন।
মুসলিম এইড ইউকে বাংলাদেশ ফিল্ড অফিসের প্রজেক্ট কো-অর্ডিনেটর এস. এম. মনোয়ার হোসেন দুর্যোগ আশ্রয় কেন্দ্রগুলোর প্রস্তুতি ও কার্যকারিতা বিষয়ে উপস্থাপনা করেন। এছাড়া ইএসডিও–ICRDCV-III প্রকল্পের প্রকল্প ব্যবস্থাপক মো. শামসুল হক মৃধা পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনের মাধ্যমে চলমান কার্যক্রম তুলে ধরেন।
সভায় সরকারি ও বেসরকারি মিলিয়ে মোট ৫০ জন প্রতিনিধি অংশগ্রহণ করেন।

