নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধি
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী এমপি আজ শুক্রবার ও আগামীকাল শনিবার দু’দিনের সরকারি সফরে ময়মনসিংহের নান্দাইলে আসছেন।
প্রতিমন্ত্রীর একান্ত সচিব (উপ-সচিব) মাহফুজুল আলম মাসুম স্বাক্ষরিত সফরসূচি অনুযায়ী, শুক্রবার বিকেল ৩টায় চন্ডীপাশা সরকারি উচ্চ বিদ্যালয় খেলার মাঠে প্রাথমিক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন তিনি।
এরপর ডাকবাংলোয় পল্লী বিদ্যুৎ সমিতি নান্দাইল টিম এবং কিশোরগঞ্জ সড়ক ও জনপথ বিভাগের টিমের সঙ্গে পৃথকভাবে মতবিনিময় করবেন। পরে দলীয় কার্যালয়ে নান্দাইল উপজেলা বিএনপির বর্ধিত সভায় যোগদান করার কথা রয়েছে। একই দিন সন্ধ্যায় তিনি নিজ বাসভবনে স্থানীয় জনসাধারণের সঙ্গে সাক্ষাৎ করবেন।
সফরের দ্বিতীয় দিন শনিবার প্রতিমন্ত্রী কানারামপুর সুরেশ ডাক্তার–কালিয়াপাড়া বাজার ভায়া কামালপুর সড়ক উদ্বোধন এবং নান্দাইল হেডকোয়ার্টার থেকে বাকচান্দা ডিসি সড়ক উদ্বোধন করবেন। এরপর গাংগাইল ইউনিয়ন ভূমি অফিসের ভিত্তিপ্রস্তর স্থাপন এবং নান্দাইল পৌরসভা পরিদর্শন করবেন।
দিনের শেষে বিকেলে তিনি আবারও নিজ বাসভবনে স্থানীয় জনসাধারণের সঙ্গে সাক্ষাৎ করবেন বলে সফরসূচিতে উল্লেখ করা হয়েছে।

