মোহাম্মদ হাবিবুল্লাহ, খালিয়াজুড়ি (নেত্রকোনা) প্রতিনিধি
নেত্রকোনা জেলার খালিয়াজুড়ি উপজেলার কৃষ্ণপুর ইউনিয়নের যাদবপুর গ্রামের মৃত অনাথ দাসের ছেলে রাহুল দাস (২৬) এর বাড়িতে গিয়ে, তার হাতে ২২ এপ্রিল রোজ বুধবার রাত আনুমানিক ৭’০০ ঘটিকার সময় শুকনো খাবার তুলে দিলেন উপজেলা নির্বাহী অফিসার নাদির হোসেন শামীম।
জানা যায়, রাহুল দাস খুবই দরিদ্র, অসহায় পরিবারের সন্তান। প্রায় ২০ বছর পূর্বে তার বাব অনাথ দাসের মৃত্যু হয়। তার মা সঞ্চিতা রাণী দাস ও তিন বোনকে নিয়ে কোন রকম খেয়ে না খেয়ে তাদের দিনাতিপাত চলত।
এরই মাঝে হঠাৎ করে এক সপ্তাহ আগে শিলাবৃষ্টিতে তাদের ৮০ শতাংশ (০৮ কাটা) জমির ধান নষ্ট হয়ে যায়। গত ২২ শে এপ্রিল রোজ বুধবার ভোর রাত আনুমানিক ৩/৪ টার সময় তার মা সঞ্চিতা রাণী দাস (৬১) নিজ বাড়ির পাশে করছ গাছের ডালের সাথে গলায় গামছা দিয়ে আত্মহত্যা করে। এ সব ঘটনা যেন, রাহুল দাসের জন্য মরার উপর খাঁড়ার ঘা হয়ে দাঁড়াল।
উক্ত ঘটনার খবর পেয়ে উপজেলা নির্বাহী অফিসার নাদির হোসেন শামীম তাদের বাড়িতে গিয়ে অসহায় পরিবারের হাতে ২০ কেজি চাল,২ কেজি তেল,২ কেজি চিনি,২ কেজি ডাল, বিস্কুট ও অন্যান্য খাবার সহ ৩০ কেজি শুকনো খাবারের প্যাকেট তুলে দেন।
এ সময় উপস্থিত ছিলেন কৃষ্ণপুর ইউনিয়ন চেয়ারম্যান মোঃ শামীম মড়ল, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা প্রীতিভোষণ দাস,কৃষি কর্মকর্তা মোঃ দেলোয়ার হোসেন, জনস্বাস্থ্য প্রকৌশলী মোঃ সাকিল সারোয়ার, উপজেলা প্রেসক্লাবের আহবায়ক মোহাম্মদ হাবিবুল্লাহ, সাংবাদিক মোঃ মোস্তাফিজুর রহমান রনি সহ এলাকার গন্যমান্য প্রায় শতাধিক মানুষ।
উপজেলা নির্বাহী অফিসার নাদির হোসেন শামীম বলেন, বিপদে ধৈর্য্য ধারণ করুন, সৃষ্টিকর্তা আপনার এবং পরিবারের সকলের মঙ্গল করুন। যে কোন সমস্যা হলে আমাদেরকে জানাবেন, আমারা আপনার পরিবারের পাশে আছি ইনশাআল্লাহ।

