নোয়াখালী প্রতিনিধি
নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ায় বজ্রপাতে মো. আরাফাত হোসেন (২১) নামে এক ব্যবসায়ীর মৃত্যু হয়েছে।
সোমবার (২৭ এপ্রিল) দুপুর পৌনে ৩টার দিকে উপজেলার চরঈশ্বর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের পূর্ব গামছাখালী গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত আরাফাত একই গ্রামের আবু বক্কর ছিদ্দিক মিয়ার বাড়ির মৃত আফছার উদ্দিনের ছেলে।
স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, আরাফাত স্থানীয় খাসেরহাট বাজারে কসমেটিক ব্যবসা করতেন। পাশাপাশি পরিবারের জমিতে কৃষিকাজেও সহায়তা করতেন। দুপুরের দিকে তিনি তার মা শায়েলা আক্তারের সঙ্গে বাড়ির পাশে বাদাম খেতে বাদাম তুলতে যান। কাজ শেষে বাদাম নিয়ে বাড়ি ফেরার পথে হঠাৎ বজ্রপাতে তিনি গুরুতর আহত হন। ঘটনাস্থলেই মায়ের সামনে তার মৃত্যু হয়। পরে স্থানীয়রা তার মরদেহ উদ্ধার করে বাড়িতে নিয়ে যান।
চরঈশ্বর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য (মেম্বার) রাশেদ উদ্দিন বলেন, “খেত থেকে বাদাম তুলে মা-ছেলে বাড়ি ফিরছিলেন। ওই সময় ছেলে পেছনে ছিলেন। বজ্রপাতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।”
বিষয়টি নিশ্চিত করে হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবির হোসেন বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

