নোয়াখালী প্রতিনিধি
নোয়াখালীর সুবর্ণচর উপজেলার গুরুত্বপূর্ণ সোনাপুর–আক্তার মিয়ার হাট সড়কের দীর্ঘদিনের বেহাল অবস্থায় ভোগান্তিতে থাকা স্থানীয়দের পাশে দাঁড়িয়েছেন বাংলাদেশ ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির।
মঙ্গলবার (২৬ মে) সকাল থেকে তিনি নিজ অর্থায়নে কেরামতপুর বাজার থেকে আক্তার মিয়ার হাট পর্যন্ত প্রায় ৯ কিলোমিটার ক্ষতিগ্রস্ত সড়কের সংস্কার কাজ শুরু করেন। এতে দীর্ঘদিনের দুর্ভোগ কিছুটা লাঘব হওয়ায় স্বস্তি প্রকাশ করেছেন এলাকাবাসী।
স্থানীয়দের অভিযোগ, সড়কটির বিভিন্ন স্থানে বড় বড় গর্ত সৃষ্টি হওয়ায় দীর্ঘদিন ধরে চলাচল ছিল ঝুঁকিপূর্ণ ও কষ্টকর। বিশেষ করে বর্ষাকালে গর্তে পানি জমে দুর্ঘটনার আশঙ্কা আরও বেড়ে যেত। এমন পরিস্থিতিতে নাছির উদ্দীন নাছিরের ব্যক্তিগত উদ্যোগে সংস্কার কাজ শুরু হওয়ায় স্থানীয়রা স্বস্তি প্রকাশ করেন।
নাছির উদ্দীন নাছির বলেন, “এ সড়কটি এলাকার মানুষের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। দীর্ঘদিন অবহেলায় পড়ে থাকায় মানুষ ভোগান্তিতে ছিল। এটি আমার জন্মভূমির সড়ক, তাই দায়বদ্ধতা থেকেই নিজ অর্থায়নে সংস্কার কাজ শুরু করেছি। মানুষের কল্যাণে ভবিষ্যতেও পাশে থাকবো।”
সংস্কার কাজের সময় স্থানীয় ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। তারা দ্রুত উদ্যোগ নেওয়ায় নাছির উদ্দীনের প্রশংসা করেন।
এদিকে স্থানীয়রা আশা প্রকাশ করেছেন, স্থায়ীভাবে সড়কটি পুনর্নির্মাণ বা উন্নয়ন প্রকল্পের আওতায় আনা হলে দীর্ঘমেয়াদে জনদুর্ভোগ পুরোপুরি কমে আসবে।

