কচুয়া (চাঁদপুর) প্রতিনিধি
চাঁদপুরের কচুয়ায় মাদক ব্যবসা ও চুরির বিরুদ্ধে সামাজিকভাবে প্রতিবাদ করায় এলাকাবাসীকে মিথ্যা মামলায় হয়রানি করার অভিযোগ উঠেছে। এ ঘটনায় ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক নাছির উদ্দিন প্রধান ও ওয়ার্ড যুবদলের সভাপতি আজিজুল ইসলামের বিরুদ্ধে করা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন, বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছেন স্থানীয় বাসিন্দারা।
শুক্রবার সকালে উপজেলার নাউলা চৌরাস্তা মোড় এলাকায় এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে নারী-পুরুষসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।
মানববন্ধন শেষে প্রতিবাদ সমাবেশে বক্তব্য দেন ইউনিয়ন বিএনপির সভাপতি শাহ আলম পাটোয়ারী, সমাজসেবক ডা. আব্দুল কাদের, শ্রীরামপুর ফাজিল মাদ্রাসার উপাধ্যক্ষ মাওলানা মনির হোসেন, উপজেলা যুবদলের সহসভাপতি হেলাল উদ্দিন খোকন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের জ্যেষ্ঠ সহসভাপতি কাউছার হোসেন, উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাংগঠনিক সম্পাদক জামাল হোসেন, ওয়ার্ড বিএনপির সভাপতি আবুল বাশার, সাধারণ সম্পাদক আব্দুর রশিদ, সমাজসেবক গাজী শাহ আলম ও বিএনপি নেতা ফারুক হোসেনসহ অনেকে।
সমাবেশে বক্তারা অভিযোগ করেন, উপজেলার আইনগিরি গ্রামের রাসেলের বিরুদ্ধে মাদক ব্যবসা, চুরি ও অন্যান্য অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ রয়েছে। তাঁদের দাবি, সম্প্রতি পুলিশের হাতে গ্রেপ্তার হওয়ার আগে রাসেল এক ব্যক্তির অটোরিকশা চুরি করে বিক্রি করেন। এ ছাড়া বসতবাড়িতে ঢুকে মালামাল চুরির অভিযোগে তাঁকে স্থানীয়ভাবে সালিশের মুখোমুখি করা হয়। এর জেরে রাসেলের মা রাশেদা বেগম নাছির উদ্দিন প্রধান ও আজিজুল ইসলামকে আসামি করে আদালতে মামলা করেছেন বলে অভিযোগ করেন তাঁরা।
বক্তারা আরও বলেন, মাদক ও চুরির বিরুদ্ধে সামাজিকভাবে প্রতিবাদ করায় নাছির উদ্দিন প্রধান ও আজিজুল ইসলামকে মামলায় জড়িয়ে হয়রানি করা হচ্ছে। তাঁরা এ ঘটনার নিন্দা জানিয়ে মামলাটি দ্রুত প্রত্যাহার এবং রাসেল ও তাঁর মা রাশেদা বেগমের বিরুদ্ধে ওঠা অভিযোগ তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানান।
মামলার সাক্ষী হিসেবে উল্লেখ করা গ্রাম্য চিকিৎসক সেলিম হোসেন ও দুলু মিঞা দাবি করেন, মামলার বিষয়ে না জেনেই তাঁদের সাক্ষী করা হয়েছে। তাঁদের ভাষ্য, নাছির উদ্দিন প্রধান ও আজিজুল ইসলাম এলাকার বিভিন্ন সামাজিক ও মানবিক কর্মকাণ্ডে যুক্ত। তাঁরা মামলাটি প্রত্যাহারের দাবি জানান।
এদিকে রাশেদা বেগমের ভাই তাজুল ইসলাম বলেন, তাঁর ভাগিনা রাসেলের বিরুদ্ধে মাদক ও চুরির সঙ্গে জড়িত থাকার অভিযোগ রয়েছে এবং এসব বিষয়ে একাধিকবার গ্রাম্য সালিশ হয়েছে। নাছির উদ্দিন প্রধানের বিরুদ্ধে করা মামলাটিকে তিনি মিথ্যা বলে দাবি করেন।
মানববন্ধন ও সমাবেশ থেকে এলাকাবাসী মামলাটি প্রত্যাহার, অভিযোগগুলোর সুষ্ঠু তদন্ত এবং সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি আহ্বান জানান।
তবে এসব অভিযোগের বিষয়ে অভিযুক্ত রাসেল ও রাশেদা বেগমের বক্তব্য জানা যায়নি।

