নোয়াখালী প্রতিনিধি
নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (নোবিপ্রবি) স্বাধীনতার মহান ঘোষক ও শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান (বীর উত্তম)-এর ৪৫তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে মিলাদ মাহফিল ও দোয়া অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৩০ মে ) বাদ জোহর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে এ মিলাদ ও দোয়ার আয়োজন করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নোবিপ্রবি উপাচার্য অধ্যাপক ড. গোলাম রব্বানী। সংক্ষিপ্ত বক্তব্যে তিনি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করে বলেন, তাঁর জীবন ও অবদান বাংলাদেশের ইতিহাসে গুরুত্বপূর্ণ অধ্যায়। তিনি এ সময় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া এবং বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেন।
মিলাদ ও দোয়া মাহফিলে আরও বক্তব্য দেন বিশ্ববিদ্যালয়ের জীববিজ্ঞান অনুষদের ডিন ও নোবিপ্রবি সাদা দলের সভাপতি অধ্যাপক ড. মুহাম্মদ শফিকুল ইসলাম এবং শিক্ষা বিজ্ঞান অনুষদের ডিন ও সাদা দলের সাধারণ সম্পাদক অধ্যাপক ড. মো. জাহাঙ্গীর সরকার। এছাড়াও উপস্থিত ছিলেন ব্যবসায় শিক্ষা অনুষদের ডিন ও সাদা দলের সাংগঠনিক সম্পাদক অধ্যাপক ড. মো. আবদুল কাইয়ুম মাসুদসহ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীরা।
আয়োজকরা জানান, ‘জিয়াউর রহমান ফাউন্ডেশন’ (জেডআরএফ) চট্টগ্রাম বিভাগীয় শাখার উদ্যোগে এ মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠান শেষে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া করা হয়।

