ছায়েদ আহামেদ, হাতিয়া(নোয়াখালী)প্রতিনিধি
“আলোকিত শিক্ষা, মেধাবী প্রজন্ম ও সমৃদ্ধ হাতিয়া গঠনের প্রত্যয়ে” নোয়াখালীর হাতিয়ায় প্রকৌশলী তানভীর শিক্ষা পদক সংক্রান্তে এক মতবিনিময় সভার আয়োজন করা হয়।
রোববার (৩১ মে) দুপুরে হাতিয়া উপজেলা শহর ওছখালীতে অবস্থিত প্রকৌশলী তানভীর উদ্দিন রাজীবের নিজ বাসভবনে এ সভা অনুষ্ঠিত হয়।
এতে হাতিয়ার বিভিন্ন প্রাথমিক, মাধ্যমিক ও মাদ্রাসা শিক্ষাপ্রতিষ্ঠানের সহকারী শিক্ষক, সমাজসেবক ও সাংবাদিক প্রতিনিধিরা অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীদেরকে মনগড়া শ্রেষ্ঠত্ব নির্বাচন এবং গতানুগতিক গ্রেটে শ্রেণীবিন্যাস উপনীত না করে প্রকৃত মেধা গঠনের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়।
প্রকৌশলী তানভীর উদ্দিন রাজীব শিক্ষা ও সমাজকল্যাণ ট্রাস্ট এর আয়োজনে অনুষ্ঠিত সভায়-
হাতিয়ার ঝরে পড়া শিক্ষার্থীদের বিদ্যাঙ্গণে ফিরিয়ে আনা, মেধাবী শিক্ষার্থীদের স্বীকৃতি প্রদান, শিক্ষার মানোন্নয়ন এবং সামাজিক উন্নয়নে ভূমিকা রাখার উদ্দেশ্যে এ শিক্ষা পদক কার্যক্রম চালু রাখার বিষয়ও আলোকপাত হয়।
ট্রাস্টের প্রতিষ্ঠাতা প্রকৌশলী তানভীর উদ্দিন রাজীব বলেন, রাজনৈতিক অঙ্গনে পা দিয়েছি বিধায় সমাজের নানান অসঙ্গতি নজরে আসছে। যে অসঙ্গতির মূল উৎস শিকার অধঃপতন। নির্যাসহীন এ শিক্ষার ধারা থেকে আমাদের বেরিয়ে আসতে হবে।
তিনি বলেন, বৈশ্বিক প্রতিযোগিতার বাজারে টিকে থাকতে প্রজন্মের প্রকৃত মেধা সৃষ্টিতে এ উদ্যোগ সামনের সময়ে আরও ব্যাপক পরিসরে এগিয়ে নেওয়া হবে। এ ক্ষেত্রে অরাজনৈতিক ও নিরপেক্ষ একটা পরিচালনা টিম গঠন করা হবে।

