ফেনী প্রতিনিধি
পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক উপদেষ্টা ও বিএনপির ভাইস চেয়ারম্যান আবদুল আউয়াল মিন্টু বলেছেন, বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান-এর মতো একজন নেতা পেয়ে বাংলাদেশ সত্যিই গর্বিত। তিনি বলেন, জিয়াউর রহমান এদেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করে জনগণকে উন্নয়নের পথ দেখিয়েছেন।
রোববার (৩১ মে) ফেনীর সোনাগাজী উপজেলা বিএনপির উদ্যোগে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি আরও বলেন, জিয়াউর রহমানের পর বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া দেশের গণমানুষের জন্য নিরলসভাবে কাজ করেছেন। তবে বিগত ১৭ বছর দেশে গণতান্ত্রিক অধিকার হরণ করা হয়েছে বলে তিনি মন্তব্য করেন।
আবদুল আউয়াল মিন্টু বলেন, দেশের মানুষের গণতান্ত্রিক অধিকার পুনরুদ্ধারে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কাজ করে যাচ্ছেন।
সোনাগাজী পৌর কমিউনিটি সেন্টার মিলনায়তনে অনুষ্ঠিত এ সভায় সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির আহ্বায়ক জয়নাল আবেদীন বাবলু এবং সঞ্চালনা করেন সদস্য সচিব সৈয়দ আলম ভূঁইয়া।
সভায় আরও বক্তব্য দেন ফেনী জেলা বিএনপির আহ্বায়ক শেখ ফরিদ বাহার, সদস্য সচিব আলাল উদ্দিন আলাল, পৌর বিএনপির সদস্য সচিব নিজাম উদ্দিন, জেলা ছাত্রদলের সভাপতি সালাহ উদ্দিন মামুন, উপজেলা যুবদলের আহ্বায়ক খুরশিদ আলম ভূঁইয়াসহ অন্যান্য নেতৃবৃন্দ।
অনুষ্ঠান শেষে প্রায় ৪ হাজার অসহায় ও দুস্থ মানুষের মাঝে খাবার ও বস্ত্র বিতরণ করা হয়।

