মুন্সীগঞ্জ প্রতিনিধি
মুন্সীগঞ্জ সদর উপজেলার মোল্লাকান্দি ইউনিয়নের রাজারচর এলাকায় ব্যবসায়িক পূর্ব বিরোধের জেরে এক সৌদি আরব প্রবাসীর বাড়িতে ঢুকে গুলি ও হামলার ঘটনা ঘটেছে। এতে প্রবাসী রফিকুল ইসলাম (৩৫) গুলিবিদ্ধ এবং তার ছেলে দিহান ইসলাম (১২) ধারালো অস্ত্রের আঘাতে আহত হয়েছে। এ ঘটনায় প্রধান অভিযুক্ত আরেক সৌদি আরব প্রবাসী মো. রাকিবকে (৩৮) আটক করেছে পুলিশ।
সোমবার (১ জুন) দিবাগত রাত আড়াইটার দিকে এ ঘটনা ঘটে। পরে মঙ্গলবার (২ জুন) সকাল থেকে অভিযান চালিয়ে বেলা ১১টার দিকে রাজারচর এলাকা থেকে অভিযুক্ত রাকিবকে আটক করা হয়।
মুন্সীগঞ্জ জেলার অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপারেশন) ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, সৌদি আরবে অবস্থানকালীন দুই প্রবাসীর মধ্যে সৃষ্ট বিরোধের জের ধরে এ হামলার ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। ঘটনার সঙ্গে জড়িত অন্যদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, গুলিবিদ্ধ রফিকুল ইসলামকে রাতেই -এ নেওয়া হলে তার শারীরিক অবস্থার অবনতি হওয়ায় উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়। অপরদিকে আহত দিহান ইসলামকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক এস এম ফেরদৌস জানান, রাত ৩টার দিকে হাত, পা ও বুকে গুলিবিদ্ধ অবস্থায় রফিকুল ইসলামকে হাসপাতালে আনা হয়। প্রাথমিক চিকিৎসা শেষে তাকে ঢাকায় রেফার করা হয়। একই সঙ্গে শরীরের বিভিন্ন স্থানে জখম থাকা দিহান ইসলামকেও চিকিৎসা দেওয়া হয়েছে।
আহত রফিকুল ইসলামের স্ত্রী সঙ্গিতা বেগম অভিযোগ করে বলেন, রাতে পরিবারের সদস্যরা ঘুমিয়ে থাকাকালে কয়েকজন দুর্বৃত্ত দরজা ভেঙে ঘরে প্রবেশ করে। এ সময় তারা তার স্বামীকে লক্ষ্য করে একাধিক গুলি ছোড়ে। হামলাকারীরা তার ছেলেকেও ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে। তিনি হামলাকারীদের দ্রুত বিচারের দাবি জানান।
পুলিশ জানিয়েছে, আটক রাকিবকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং ঘটনায় জড়িত অন্যদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

