নওগাঁ প্রতিনিধি
নওগাঁ শহরের ছোট যমুনা নদী থেকে এক অজ্ঞাত পরিচয় ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (২ জুন) বিকেল সাড়ে ৫টার দিকে নওগাঁ পৌরসভার শেরপুর গ্রামের ভোলার ঘাট এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, ছোট যমুনা নদীতে একটি মরদেহ ভাসতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেন। পরে নওগাঁ সদর মডেল থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নদী থেকে মরদেহটি উদ্ধার করে।
প্রাথমিকভাবে স্থানীয়দের ধারণা, নদীর স্রোতে ভেসে অন্য কোনো স্থান থেকে মরদেহটি ভোলার ঘাট এলাকায় এসে পৌঁছাতে পারে। তবে মরদেহটির পরিচয় এবং মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে এখনো কোনো তথ্য পাওয়া যায়নি।
নওগাঁ সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) নিয়ামুল হক বিষয়টি নিশ্চিত করে জানান, উদ্ধারকৃত মরদেহটি ময়নাতদন্তের জন্য নওগাঁ সদর হাসপাতালের মর্গে পাঠানো হবে। মরদেহটির পরিচয় শনাক্ত এবং মৃত্যুর কারণ উদঘাটনে তদন্ত চলছে।
তিনি আরও জানান, এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

