নওগাঁ প্রতিনিধি
নওগাঁর বদলগাছী উপজেলায় বিয়ের দাবিতে চার সন্তানের জনক এক ব্যক্তির বাড়িতে অবস্থান নিয়েছেন দুই সন্তানের জননী এক নারী। দাবি পূরণ না হলে আত্মহত্যার হুমকিও দিয়েছেন তিনি।
জানা গেছে, উপজেলার চকমথুর গ্রামের বাসিন্দা আকলিমা পারভীন (৩৮) রোববার (৩১ মে) রাত থেকে একই গ্রামের ইউসুফ আলীর (৫৫) বাড়িতে অবস্থান করছেন। ঘটনার পর থেকে ইউসুফ আলী আত্মগোপনে রয়েছেন বলে স্থানীয় সূত্রে জানা গেছে।
স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, আকলিমা পারভীনের স্বামী দিনমজুর হিসেবে কাজ করেন। কয়েক বছর আগে ইউসুফ আলীর সঙ্গে তার পরিচয় থেকে ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে ওঠে। একপর্যায়ে বিয়ের আশ্বাস দিয়ে তাদের মধ্যে সম্পর্ক গভীর হয় বলে ওই নারীর দাবি।
আকলিমা পারভীন অভিযোগ করেন, বিয়ের প্রতিশ্রুতি দিয়ে ইউসুফ আলী দীর্ঘদিন ধরে তার সঙ্গে সম্পর্ক বজায় রেখেছেন। বর্তমানে তিনি অন্তঃসত্ত্বা এবং এ অবস্থায় তাকে গ্রহণ করতে অস্বীকৃতি জানানো হয়েছে। ফলে বাধ্য হয়ে তিনি ইউসুফ আলীর বাড়িতে গিয়ে বিয়ের দাবিতে অবস্থান শুরু করেন।
তার দাবি, রোববার রাত ৮টার দিকে তিনি ইউসুফ আলীর বাড়িতে প্রবেশের চেষ্টা করলে ইউসুফের প্রথম স্ত্রী বিষয়টি টের পান। এ সময় উভয়ের মধ্যে বাকবিতণ্ডা হয় এবং একপর্যায়ে পরিবারের সদস্যরা তাকে মারধর করেন। ওই সুযোগে ইউসুফ আলী বাড়ি থেকে পালিয়ে যান।
আকলিমা বলেন, “ইউসুফ আমাকে বিয়ের আশ্বাস দিয়ে ব্যবহার করেছেন। এখন তিনি আমাকে গ্রহণ না করলে আমার আর কোথাও যাওয়ার জায়গা নেই। আমার দাবি না মানলে আমি এখানেই আত্মহত্যা করব।”
তবে অভিযোগের বিষয়ে ইউসুফ আলীর কোনো বক্তব্য পাওয়া যায়নি। ঘটনার পর থেকেই তিনি আত্মগোপনে রয়েছেন বলে জানা গেছে।
বদলগাছী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. রুহুল আমিন বলেন, “এ ঘটনায় এখন পর্যন্ত কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”
এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয় জনপ্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিরা বিষয়টি সমাধানের চেষ্টা করছেন বলে জানা গেছে।

