উত্তম কুমার দাস, বাকেরগঞ্জ (বরিশাল) প্রতিনিধি
অসহায়, দুস্থ ও নিম্নআয়ের মানুষের মুখে হাসি ফোটাতে বর্তমান সরকার বিভিন্ন জনকল্যাণমূলক কর্মসূচি বাস্তবায়ন করে যাচ্ছে বলে মন্তব্য করেছেন বরিশাল-৬ (বাকেরগঞ্জ) আসনের সংসদ সদস্য ও বীর মুক্তিযোদ্ধা আবুল হোসেন খান।
বুধবার (৩ জুন) বেলা ১১টায় বাকেরগঞ্জ উপজেলা অডিটোরিয়ামে পবিত্র ঈদুল আজহা উপলক্ষে প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিল থেকে দরিদ্র, দুস্থ ও অসহায় মানুষের মাঝে নগদ অর্থ সহায়তা বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
সংসদ সদস্য আবুল হোসেন খান বলেন, বর্তমান সরকার জনগণের কল্যাণে নিরলসভাবে কাজ করছে। সমাজের পিছিয়ে পড়া ও সুবিধাবঞ্চিত মানুষের জীবনমান উন্নয়নের লক্ষ্যে বিভিন্ন সামাজিক নিরাপত্তা কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে। সরকারের এসব উদ্যোগের মাধ্যমে অসহায় মানুষের জীবনযাত্রার মান উন্নয়নে ইতিবাচক পরিবর্তন আসছে।
স্থানীয় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তন্ময় হালদারের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাকেরগঞ্জ পৌর বিএনপির সভাপতি নাসির জোমাদ্দার, উপজেলা বিএনপির সদস্য সচিব কামরুজ্জামান মিজান মিয়া, পৌর বিএনপির সাধারণ সম্পাদক শাহাবুদ্দিন তালুকদার শাহিন, পৌর যুবদলের আহ্বায়ক আতাউর রহমান রোমান, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব রাকিব তালুকদারসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।
অনুষ্ঠানে উপজেলার ১৪টি ইউনিয়ন ও একটি পৌরসভার মোট ৪৯০ জন উপকারভোগীর হাতে আর্থিক সহায়তার অর্থ তুলে দেওয়া হয়। সহায়তা পেয়ে উপকারভোগীরা সন্তোষ প্রকাশ করেন এবং এ ধরনের মানবিক উদ্যোগ অব্যাহত রাখার আহ্বান জানান।

