দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি
কুষ্টিয়ার মিরপুর রেলওয়ে স্টেশনে ট্রেনে কাটা পড়ে শুভ দেওয়ান (২৬) নামে এক যুবক নিহত হয়েছেন।
বুধবার (৩ জুন) বেলা ১১টার দিকে মিরপুর রেলওয়ে স্টেশন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত শুভ দেওয়ান রাজশাহী জেলার পাকরা উত্তরপাড়া এলাকার সেলিম দেওয়ানের ছেলে। তিনি স্ত্রী ও সন্তানসহ কুষ্টিয়ার মিরপুর উপজেলার মশান বাজার এলাকায় বোনের বাড়িতে বেড়াতে এসেছিলেন।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা গেছে, শুভ দেওয়ান রাজশাহী থেকে মহানন্দা এক্সপ্রেস ট্রেনে করে মিরপুর রেলস্টেশনে নামেন। পরে ওভারব্রিজ ব্যবহার না করে রেললাইন পার হওয়ার চেষ্টা করলে বিপরীত দিক থেকে আসা রূপসা এক্সপ্রেস ট্রেনের নিচে কাটা পড়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এ সময় তার স্ত্রী ও সন্তান সঙ্গে থাকলেও তারা অক্ষত অবস্থায় রক্ষা পান।
পোড়াদহ রেলওয়ে (জিআরপি) থানার উপ-পরিদর্শক (এসআই) নাসির উদ্দিন বলেন, “ঘটনাস্থল থেকে মরদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।”

